২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে পুস্তক বাঁধাই শ্রমিকরা

একুশের বইমেলার আগে ব্যস্ত সময়ে ৮ দফা দাবিতে আন্দোলনে নেমেছে পুস্তক বাঁধাই শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 12:27 AM

Updated : 20 Aug 2022, 11:31 AM

মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সূত্রাপুর শাখার উদ্যোগে তারা মিছিল-সমাবেশ করেন।

পুরান ঢাকার বাংলা বাজারে বাংলাদেশের অধিকাংশ প্রকাশনা প্রতিষ্ঠান ও ছাপাখানা রয়েছে।

দুপুরে বাংলা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শ্রমিকরা। বাহাদুর শাহ পার্কে এসে পুলিশের বাধার মুখে পড়েন তারা।

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সূত্রাপুর শাখার সংগঠক মানিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিল থেকে পুলিশ ৮ জন শ্রমিককে আটক করে নিয়ে যায়। পরে ৫ জনকে ছেড়ে দেওয়া হয়।”

তবে সূত্রাপুর থানার ওসি তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনরত কোনো বাঁধাই শ্রমিককে আটক করা হয়নি।”

২৫০ টাকা রোজ মজুরি, কর্মপরিবেশ, নিয়োগপত্র ও দুর্ঘটনাকবলিত অবস্থায় অঙ্গহানি হলে তার ক্ষতিপূরণের জন্য সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবিতে আন্দোলন করছে পুস্তক বাঁধাই শ্রমিকরা।

মানিক বলেন, “বহুদিন ধরেই আমরা এ দাবিগুলো জানিয়ে আসছি। তবে আজ থেকে আমরা ধর্মঘট শুরু করেছি।”

শ্রমিকরা বলছেন, বর্তমানে ১৫-২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাঁধাই শ্রমিককে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজের বিনিময়ে ১৬০ টাকা মজুরি দেওয়া হয়। আর ৮-১০ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের দেওয়া হয় ১২০-১৩০ টাকা।