২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সাইলো নির্মাণে পুকুর ভরাট কাজে স্থিতাবস্থা

বরিশাল শহরের মেডিকেল কলেজের দক্ষিণ পাশে কীর্তনখোলা নদীর পাড়ে আধুনিক খাদ্য সংরক্ষণাগার (সাইলো) নির্মাণের জন্য পুকুর ভরাট কাজে ছয় মাসের স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 05:14 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।

আদেশের ফলে এখন ওই পুকুরটি ভরাট করা যাবে না, বলেছেন আবেদনকারীর আইনজীবী। 

রুলে ওই পুকুর ভরাট বন্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং পুকুরটি সংরক্ষণের ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

স্থানীয় সরকার সচিব, ভূমি সচিব, খাদ্য সচিব, বরিশাল সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত সাইলো নির্মানের জন্য পুকুর ভরাট কাজে ছয় মাসের স্থিতাবস্থা বজায় রাখতে বিবাদীদের নির্দেশ দিয়েছে। ফলে এখন পুকুর ভরাট করা যাবে না। 

সাইলো নির্মাণের জন্য পুকুর ভরাট করা হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।এর ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে সোমবার রিট আবেদনটি করা হয়, যার ওপর মঙ্গলবার শুনানি হয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু।    

শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সংবিধান ও জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুসারে পুকুর ভরাট নিষিদ্ধ। ওই জায়গায় একটি বধ্যভূমিও রয়েছে। পুকুর ভরাট করে খাদ্য গুদাম নির্মাণ করা হলে বধ্যভূমির অস্তিত্ব বিপন্ন হবে।