২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লার কারখানায় গ্যাসের আগুনে দগ্ধ ৫

নারায়ণগঞ্জের ফতুল্লা পোস্ট অফিসের কাছে একটি ডাইং কারখানার গ্যাস পাইপে আগুন ধরে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 10:53 AM

Updated : 20 Aug 2022, 11:30 AM

সোমবার রাতে আমিন ডাইং কারখানায় এ দুর্ঘটনার পর দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।

তিনি জানান, মো. সাব্বির (২০) ও নান্নু মিয়া (২৮) নামের দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।  আর মো. ইয়াসিন (২১), রাসেল হোসেন (২৩) ও জালাল উদ্দিন (২৫) হাসপাতালে ভর্তি।

“ওই তিনজনের শরীরের ১৪ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।”

শ্রমিকদের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বলেন, “রাতে কাজ করার সময় ওই কারখানার গ্যাস পাইপে আগুন ধরে যায়। এতে শ্রমিকরা দগ্ধ হন। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেলে আনে অন্য শ্রমিকরা।”

তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী বলেন, “রাতে ওই কারখানায় আগুনের বিষয়ে কেউ ফায়ার সার্ভিসকে খবর দেয়নি। সকালে জানার পর সেখানে আমাদের একটি ইউনিট পাঠানো হয়েছে।”