২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প: ‘জীবন বাঁচানোর চিন্তাটাই বেশি ছিল’

ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দেওয়ার আগে লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র সোয়াইব মোহাম্মদ সালমানের মাথায় নিজের জীবন বাঁচানোর চিন্তা ছাড়া আর কিছুই ছিল না।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 04:40 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

আঘাত প্রাণঘাতী হতে পারত- একবারের জন্যও তা মনের মধ্যে আসেনি বলে জানিয়েছেন সোয়াইব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে হলে ফিরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন তিনি। ডান পায়ে ব্যান্ডেজ জড়ানো সোয়াইব জানান, আতঙ্কের মুহূর্তের কথা।

সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ৬ দশমিক ৭ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পের পর হুড়োহুড়ি করে ঘর থেকে বের হতে গিয়ে এবং উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ে আহত ২৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান, যাদের মধ্যে সোয়াইবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ছিলেন।

জহুরুল হক হল ছাড়াও মহসিন ও কবি জসিম উদদীন হল থেকেও সোয়াইবের মতো আরও কয়েকজন লাফিয়ে পড়ে আহত হন বলে খবর পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী ১৬ জনকে ঢাকা মেডিকেলে নেওয়ার কথা জানিয়েছেন।

গুরুতর আহত অন্তত তিনজনের ঢাকা মেডিকেলে ভর্তির কথা জানিয়েছেন হাসপাতালের টিকিট কাউন্টারের ইনচার্জ আবদুল বাতেন। এদের মধ্যে ইয়াসিন আরাফাত ও ইকবালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

সোয়াইব জানান, ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভাঙার পর হলের এক্সটেনশন ভবনের দ্বিতীয় তলার করিডোর থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি।

“ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে আসি। দ্বিতীয় তলার ২০১৪ নম্বর রুমে আমরা আটজন থাকি। অনেকেই রুম থেকে বেরিয়ে নিচে নামার জন্য হুড়োহুড়ি শুরু করে। কিন্তু ভবনের গেইটে তালা লাগানো ছিল। গেইট খোলার জন্য কাউকে পাওয়াও যাচ্ছিল না। ওই সময় আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

“অনেকে ভাবতে পারে সারাদেশে ভূমিকম্প হল, কেউ কোথাও থেকে লাফ দিল না, আমি কেন দিলাম? কিন্তু এটা একদম সত্য, ওই সময় জীবন বাঁচানোর চিন্তাটাই সবচেয়ে বেশি হয়েছে। কে কী ভাবতে পারে, তা মাথায় আসেনি।”

Image
ভূমিকম্পে পুরান ঢাকার আগা সাদেক রোডের এই বাড়িটি হেলে পড়লে অনেকে আতঙ্কে নেমে আসেন নিচে

ভূমিকম্পে পুরান ঢাকার আগা সাদেক রোডের এই বাড়িটি হেলে পড়লে অনেকে আতঙ্কে নেমে আসেন নিচে

হলের যে ভবনটিতে সোয়াইব থাকেন, তাতে মেরামতের কাজ চলছে।

“আমার মনে হয়েছে ভবনটি ভালনারেবল, ভূমিকম্পের ঝাঁকুনিতে যে কোনো সময় ভবনটি ভেঙে পড়তে পারে।”

এই আশঙ্কা থেকেই করিডোর থেকে নিচে লাফিয়ে পড়েছিলেন বলে জানান তিনি।

একই সময় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতও ওই ভবনের তৃতীয় তলা থেকে লাফ দিয়েছিলেন বলে জানান তিনি ।

“পায়ে আঘাত পাওয়ায় বন্ধুরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। প্রচন্ড ব্যথায় আমি তখন ছটফট করছিলাম। কিছুক্ষণ পর আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।”

ওই হাসপাতালে ঢোকার সময়ে সোয়াইবকে একটি টেলিভিশনে দেখানো হলে টাঙ্গাইলে তার পরিবার শঙ্কিত হয়ে পড়ে জানিয়ে তিনি বলেন, “আমি ভাল আছি, বেঁচে আছি।”

ঢাকা মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের ২৫-৩০ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন বলে দাবি করেন সোয়াইব। এদের মধ্যে শহীদুল্লাহ, অমর একুশে, জগন্নাথসহ বিভিন্ন হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীও ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাস জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষার্থী আহত হয়েছেন, তা আলাদা করে হাসপাতালের রেজিস্ট্রারে লেখা হয়নি।

তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসা নিশ্চিত করাই সে সময় মুখ্য ছিল, বলেন তিনি।

ভূমিকম্পের সময় ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টায় হুড়োহুড়ির মধ্যে ‘আতঙ্কিত হয়ে’ ঢাকা, রাজশাহী, লালমনিরহাট, পঞ্চগড় ও জামালপুরে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সিলেট মেডিকেলে ৩২ জন চিকিৎসার জন্য গেছেন।

পুরনো খবর:

ভূমিকম্পের পর হুড়োহুড়ি, ‘আতঙ্কে’ পাঁচজনের মৃত্যু
ভূমিকম্পে ভারতে নিহত ৮, ক্ষয়ক্ষতি