২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে ৯৮.৫২% পাস, ইবতেদায়ীতে ৯৫.১৩%

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ বছর ৯৮ দশমিক ৫২ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 01:22 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

পুরনো খবর:

প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল হস্তান্তর

এবার প্রাথমিকে দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন এবং ইবতেদায়ীতে পাঁচ হাজার ৪৭৩ জন জিপিএ-৫ পেয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এর আগে সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন তিনি।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৭ দশমিক ৯২ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করে।

আর প্রাথমিকে দুই লাখ ২৪ হাজার ৪১১ জন এবং ইবতেদায়ীতে ছয় হাজার ৫৪১ জন পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছিল।

এই হিসাবে এবার প্রাথমিকে পাসের হার বাড়লেও ইবতেদায়ীতে সামান্য কমেছে। একই চিত্র দেখা গেছে জিপিএ-৫ এর ক্ষেত্রেও।

ফিজার জানান, প্রাথমিক সমাপনীতে এবার ২৮ লাখ ৩৯ হাজার ২৩৮ জন অংশ নেয়; পাস করেছে ২৭ লাখ ৯৭ হাজার ২৭৪ জন।

প্রাথমিক সমাপনীতে এরার রাজশাহী বিভাগে ৯৯ শতাংশ, খুলনায় ৯৮ দশমিক ৯৭ শতাংশ, ঢাকায় ৯৮ দশমিক ৭৪ শতাংশ, চট্টগ্রামে ৯৮ দশমিক ৪১ শতাংশ, বরিশালে ৯৮ দশমিক ৩০ শতাংশ, সিলেটে ৯৬ দশমিক ৭৯ শতাংশ এবং রংপুর বিভাগে ৯৮ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

ইবতেদায়ীতে এবার দুই লাখ ৬৪ হাজার ১৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে দুই লাখ ৫১ হাজার ২৬৬ জন।

ইবতেদায়ীতে রাজশাহী বিভাগে ৯৭ দশমিক ৮৮ শতাংশ, খুলনায় ৯৬ দশমিক ২২ শতাংশ, ঢাকায় ৯৪ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রামে ৯৩ দশমিক ৯৩ শতাংশ, বরিশালে ৯৭ দশমিক ৮৫ শতাংশ, সিলেটে ৯০ দশমিক শূন্য এক শতাংশ এবং রংপুর বিভাগে ৯৭ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবার জেএসসি-জেডিসির মত প্রাথমিক সমাপনীতেও ছাত্রীরা ভালো করেছে।

প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৪৫ শতাংশ ছাত্র পাস করেছে; ছাত্রীদের পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ।

এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৯ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৯৫ দশমিক ৯৩ শতাংশ এবং উচ্চ মাদ্রাসা সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার ৯৫ দশমিক শূন্য দুই শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

গত ২২ থেকে ৩০ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশ নেয়।

ফল জানা যাচ্ছে মোবাইলে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাচ্ছে।

এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাচ্ছে।

ইবতেদায়ীর ফলের জন্য EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।