২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭১ লাখ পৌরবাসী ভোটের অপেক্ষায়

বাংলাদেশের ২৩৪ পৌরসভায় একযোগে ভোটগ্রহণ হবে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত, যে নির্বাচনী এলাকায় ভোটার রয়েছেন ৭১ লাখ জন।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 12:31 AM

Updated : 12 Oct 2022, 04:45 PM

পুরনো খবর:

পৌর ভোটের আগের দিন ইসিতে পাল্টাপাল্টি নালিশ আ. লীগ-বিএনপির
নির্ভয়ে ভোট দিন, অনিয়মে কঠোর ব্যবস্থা: সিইসি
প্রচার শেষ, অপেক্ষা ‘মর্যাদার’ ভোটের
প্রার্থী ও সমর্থকদের থামান: দলগুলোর উদ্দেশে সিইসি
সেনা চাইল বিএনপি, নিরাশ করল ইসি

আইন সংশোধনের পর দলীয় ভিত্তিতে স্থানীয় নির্বাচন হওয়ায় সাত বছর পর নৌকা ও ধানের শীষ প্রতীকের লড়াই দেখতে যাচ্ছে বাংলাদেশের মানুষ।

সারাদেশের মোট ভোটারের মাত্র সাড়ে ৭ শতাংশের অংশগ্রহণ এই ভোটে থাকলেও দশম সংসদ নির্বাচনের পর এই পৌর নির্বাচন রাজনৈতিক ডামাডোলে ‘মর্যাদার’ লড়াইয়ের আবহ দিচ্ছে।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি বলছে, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে পৌর ভোটে তাদের অংশগ্রহণ।

অর্থাৎ এই ভোটে তাদের জয় হলে সেটা নির্দলীয় সরকারের প্রতি মানুষের সমর্থন হিসেবে তুলে ধরবে তারা।  

অন্যদিকে এই ভোটে হারলে ‘আকাশ ভেঙে পড়বে না’ বলে মন্তব্য করলেও আওয়ামী লীগ নেতারা আশা করছেন, সরকারের উন্নয়নের প্রতি সমর্থনের প্রকাশ ঘটবে নৌকার জয়ের মাধ্যমে।

নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা জানিপপ’র চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহও মনে করেন, এবার দলীয় প্রতীকে হওয়ায় স্থানীয় সরকারের এ ভোট ভিন্ন আমেজ এনেছে।

“দলগুলোর মধ্যেও বিরাজ করছে অনেকটা মর্যাদার লড়াইয়ের মতো অবস্থা,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

২০১১ সালে চার ধাপে আড়াই শতাধিক পৌরসভায় ভোটে প্রার্থীরা দলের সমর্থন নিয়ে ভোট করেছিল। তাতে আওয়ামী লীগ ও বিএনপির বিজয়ী মেয়র প্রার্থী ছিলেন প্রায় সমান-সমান।

গত ২৪ নভেম্বর দশম পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়; বিভিন্ন স্থানে সংঘাত ও সংঘর্ষেও গড়ায় তা।

প্রচার শেষে ভোটের আগের দিন মঙ্গলবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি পাল্টাপাল্টি নালিশ নিয়ে ইসিতে গিয়েছিল। 

বিধিভঙ্গের বিরুদ্ধে শুরু থেকে কঠোর হতে না পারার সমালোচনায় বিদ্ধ নির্বাচন কমিশনের প্রধান কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেছেন, পক্ষপাতমুক্ত ভাবেই কাজ করছেন তারা।

মঙ্গলবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা’  ছাড়া সবাই আচরণবিধি মেনেই প্রচারণা চালিয়েছেন।

Image
ব্যালট বাক্স বিলির আগে তার হিসাব চলছে গাইবান্ধা পৌরসভায়

ব্যালট বাক্স বিলির আগে তার হিসাব চলছে গাইবান্ধা পৌরসভায়

“ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশে প্রচারণা শেষ হয়েছে, আরও সুন্দরভাবে সবার অংশগ্রহণে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্ভয়ে এসে যাকে পছন্দ তাকে ভোট দেবেন।”

১০০ কোটি টাকা ব্যয়ের এই পৌর নির্বাচনে নির্বিঘ্নে ভোট দেওয়ার সব পরিবেশই নিশ্চিত করা হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনারের দাবি।

নির্বাচনী বিধি লঙ্ঘনের ঘটনাগুলোতে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তাদের উপর ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে ইসির দায় এড়ানোর চেষ্টার প্রতিফলন দেখতে পেয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট অনেকে।

এই সমালোচনার মধ্যে ভোটের আগের দিন কঠোর হওয়ার হুঁশিয়ারি দিলেও মূল দায়িত্ব মাঠ কর্মকর্তাদের হাতেই ছেড়ে দিয়েছেন সিইসি।

“নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের ওপর রাষ্ট্রীয় দায়িত্ব নিরপেক্ষভাবে আইন মোতাবেক পালন করতে আমি নির্দেশ দিচ্ছি। নির্বাচন কমিশন এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য, অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করবে না, এ কথা স্মরণ করে দিচ্ছি।”

১২ হাজারের বেশি প্রার্থীর মধ্য থেকে তিন সহস্রাধিক জনপ্রতিনিধি নির্বাচনে সাড়ে ৩ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দেবেন ৭০ লাখ ৯৯ হাজার ১৪৪ পৌরবাসী।

মেয়র পদে ভোট দলীয় প্রতীকে হলেও সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে আগের মতোই নির্দলীয়ভাবে, যদিও তাতেও রয়েছে রাজনৈতিক আবহ।

ভোটের প্রচারে অর্ধ শতাধিক পৌরসভায় হামলা-সংঘর্ষের পর ভোটের দিন অনেকের মধ্যে শঙ্কা কাজ করলেও সিইসি বলছেন, নির্বিঘ্নে ভোট দেওয়ার সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। 

Image
ভোটের মাঠে বিজিবির এই টহল দিনাজপুর পৌরসভায়

ভোটের মাঠে বিজিবির এই টহল দিনাজপুর পৌরসভায়

সেনা মোতায়েনে বিএনপির দাবি প্রত্যাখ্যান করেই আইন-শৃঙ্খলা বাহিনীর লক্ষাধিক সদস্যকে নিরাপত্তার কাজে রেখেছে ইসি; যে সংখ্যাকে পর্যাপ্ত মনে করছেন কাজী রকিব। 

ইসির উপ-সচিব সামসুল আলম জানান, পুলিশের প্রায় ৪৫ হাজার সদস্য, বিজিবির ৯ হাজার ৪১৫ সদস্য, র‌্যাবের ৮ হাজার ৪২৪ সদস্য, কোস্টগার্ডের ২২৫ সদস্য, আনসার-ভিডিপির ৪৯ হাজার ৭২৮ সদস্য এবং ব্যাটালিয়ন-আনসার ৪ হাজার ৫১২ সদস্য চার দিনের জন্য মাঠে রয়েছে।

ভোটের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২০ জন ও সাধারণ কেন্দ্রে ১৯ জন নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে। এসব পৌরসভায় মোট ভোটকেন্দ্রের এক-তৃতীয়াংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ।

এছাড়া সোমবার থেকে মাঠে রয়েছে ১ হাজার ২০৪ জন নির্বাহী ও বিচারিক হাকিম। বিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক বিচার করার দায়িত্ব তাদের।

আ. লীগের ৭ মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায়

এবার ২৩৪ পৌরসভায় একজন করে মেয়র, সংরক্ষিত ৭৩১টি ও সাধারণ কাউন্সিলর কাউন্সিলরের ২ হাজার ১৯৩টি পদ রয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম জানান, ২৩৪ পৌরসভা নির্বাচনে ২০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মেয়র পদে ৯৪৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

Image
যশোরের এই নির্বাচনী আমেজের পরিবেশ এখন সব পৌরসভায়

যশোরের এই নির্বাচনী আমেজের পরিবেশ এখন সব পৌরসভায়

এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সাতজন মেয়র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

২৩৪ পৌরসভার মধ্যে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থী মুখোমুখি রয়েছেন ২২২টিতে।

সাধারণ কাউন্সিলর পদে ৮ হাজার ৭৪৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৪৮০ জন প্রার্থী।

এদের মধ্যে কাউন্সিলর পদে ৯৪ জন ও নারী কাউন্সিলর পদে ৪০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

৭ ওসি, ২ রিটার্নিং কর্মকর্তা প্রত্যাহার

প্রচারের সময় বিধি লঙ্ঘন-হামলার অভিযোগে ১১৪টি বিষয় খতিয়ে দেখার জন্যে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল ইসি, যার অধিকাংশের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে মাঠ পর্যায় থেকে প্রতিবেদন আসে।

ইসির এই পদক্ষেপটি নিয়ে শুরু থেকেই সমালোচনা আসে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা প্রভাবমুক্তভাবে কাজ করার ক্ষেত্রে সাহসী হতে পারেন না মন্তব্য করে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন বলেছিলেন, রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে ইসি দায় এড়াচ্ছে।

বিএনপি শুরু থেকেই অভিযোগ করে আসছিল, মন্ত্রী-এমপিরা বিধি ভঙ্গ করে প্রচার চালালেও ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই কথায় সায় আসে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে থেকও।

Image
ব্যালট বাক্স যাচ্ছে কেন্দ্রে, রাজশাহীর পবা পৌরসভার চিত্র

ব্যালট বাক্স যাচ্ছে কেন্দ্রে, রাজশাহীর পবা পৌরসভার চিত্র

শেষ দিকে এসে আওয়ামী লীগ পাল্টা অভিযোগ তুলে ক্ষমতাসীন আওয়ামী লীগ দাবি করে, বিএনপির মিথ্যাচারে ‘বিভ্রান্ত’ হয়ে ইসি তাদের ‘বাড়তি সুবিধা’ দিচ্ছে। 

আওয়ামী লীগ ও বিএনপি উভয় দল থেকে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও এসব বক্তব্য নিছক ‘রাজনৈতিক’ বক্তব্য হিসেবেই নেন সিইসি।

তিনি বলেন, “রাজনৈতিক দল তাদের বক্তব্য দিয়েছেন, আপনারাও শুনেছেন। আমরা কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, স্বতন্ত্র হিসেবে বাছ-বিচার করছি না, আমরা করবও না। যেখান অভিযোগ পাচ্ছি ক্রসচেক করছি, খবর নিচ্ছি, তারপর অ্যাকশন নিচ্ছি।”

অনিয়মের অভিযোগ ওঠায় ইসি ইতোমধ্যে দুজন রিটার্নিং কর্মকর্তা, অন্তত সাতটি থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে জানান সিইসি। সাতজন সংসদ সদস্যকে সতর্ক করার কথাও বলেন তিনি।

ভোটে দায়িত্বরত নির্বাহী হাকিমরা মঙ্গলবার পর্যন্ত ১৯১ জনকে ১০ লাখ ২৬ হাজার ৩০০ টাকা জরিমানা এবং চারজনকে কারাদণ্ড দিয়েছে বলেও তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে।

পর্যবেক্ষণে ১০ সহস্রাধিক

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আরাফাত আরা জানান, আওয়ামী লীগ ও বিএনপি ১০টি করে সংস্থার বিরুদ্ধে পর্যবেক্ষণে আপত্তি জানালেও শেষ পর্যন্ত তাতে সাড়া দেয়নি ইসি।

Image
নেত্রকোনায় একটি কেন্দ্র তৈরি হচ্ছে ভোটারদের জন্য

নেত্রকোনায় একটি কেন্দ্র তৈরি হচ্ছে ভোটারদের জন্য

“এসব সংস্থার ভোট পর্যবেক্ষণে কোনো বাধা নেই। কাউকে বিরত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি,” বলেন তিনি।

পৌর ভোটে ২৯টি সংস্থার চার সহস্রাধিক পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। সেই সঙ্গে ঢাকার গণমাধ্যমের জন্য দুই হাজার সাংবাদিককে পরিচয়পত্র দেওয়া হয়েছে।

ইসির জনসংযোগ শাখা জানায়, স্থানীয় পর্যায়ের অন্তত চার হাজার সাংবাদিককে ভোটের সংবাদ সংগ্রহে কার্ড সরবরাহ করা হয়েছে।

পৌর নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা সৃষ্টি হবে না বলে আশ্বস্ত করেছেন কাজী রকিব। সেই সঙ্গে সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সাংবাদিকদের সহায়তাও চেয়েছেন তিনি।

 

পৌরসভা নির্বাচনের আরও খবর