লিবার্টি স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবসের কর্মসূচি
শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি পালন করেছে রাজধানীর লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ।
গত ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে না পারলে দেশের অসাম্প্রদায়িক চরিত্র ধরে রাখা যাবে না। কেবল আত্মপ্রতিষ্ঠার লক্ষ্য নয়, দেশপ্রেমের মূলমন্ত্রে দীক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে দেশগড়ার কাজে ভূমিকা রাখতে হবে।”
লিবার্টি ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের মিঞার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা মো. মাহাবুব এলাহী রঞ্জু, বীরপ্রতীক লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আযম খান, লিবার্টি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রকীব আহমেদ, বনশ্রী কল্যাণ সমিতির সভাপতি এমএ বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল কবির নিরু এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল মজিদ বক্তব্য রাখেন।
