২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের ড্রামে কোকেন: দুই আসামির জামিন স্থগিত

চট্টগ্রাম বন্দরে আটক সূর্যমুখী তেলের চালানে ‘তরল কোকেন’ পাওয়ার ঘটনায় করা এক মামলায় দুই আসামিকে হাই কোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 04:22 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী মঙ্গলবার এ আদেশ দেন।

যাদের জামিন স্থগিত হয়েছে তারা হলেন- তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান ও মোস্তফা কামাল নামে একজন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। দুই আসামির পক্ষে ছিলেন আইনজীবী এস এম মুনীর।

মুরাদ রেজা পরে বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিন স্থগিত হওয়ায় দুই আসামি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

সূর্যমুখী তেলের চালানে তরল কোকেন পাওয়ার ঘটনায় পুলিশ গত ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চট্টগ্রাম বন্দর থানায় মামলা করে, যাতে আসামি হিসেবে আতিকুর রহমান ও মোস্তফা কামালকে ১ জুলাই গ্রেপ্তার করা হয়।

ওই মামলায় ৬ ডিসেম্বর হাই কোর্ট থেকে আতিকুর ও মোস্তফা অন্তবর্তীকালীন জামিন পান। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হলে মঙ্গলবার শুনানি শেষে এই আদেশ এলো।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৭ জুন চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার আটক করে সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বলিভিয়া থেকে মেসার্স খান জাহান আলী লিমিটেডের নামে আমদানি করা সূর্যমুখী তেলবাহী কনটেইনারটি জাহাজে তোলা হয় উরুগুয়ের মন্টেভিডিও বন্দর থেকে। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে গত ১২ মে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে।

পরে আদালতের নির্দেশে কন্টেইনার খুলে ১০৭টি ড্রাম থেকে নমুনা সংগ্রহ করা হয়। প্রথমে বন্দরের পরীক্ষায় এসব নমুনায় কোকেনের উপস্থিতি না মেলায় ঢাকার বিসিএসআইআর এবং বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে তরলের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়। দুই পরীক্ষাগারেই নমুনায় তরল কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। 

এ ঘটনায় ২৭ জুন চট্টগ্রামের বন্দর থানায় মাদক আইনে মামলা করে পুলিশ। পরে আদালত মামলায় চোরাচালানের ধারা সংযোগের নির্দেশ দেয়।

গত ১৯ নভেম্বর আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান।