কচুয়ার বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের আদেশ বহাল
চাঁদপুর কচুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে।
হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী ‘নো অর্ডার’ দেয়।
এর ফলে প্রাজ্ঞলের মনোনয়নপত্র নিতে দেওয়া আদেশ বহাল রইল ও তার নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জনান তার আইনজীবী খুরশীদ আলম খান।
মামলার বিবরণে জানা যায়, মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগে এনে চাঁদপুরের রিটার্নিং কর্মকর্তা ৬ ডিসেম্বর প্রাঞ্জলের মনোনয়নপত্র বাতিল করে। এর বিরুদ্ধে তিনি আপিল করলে তা ১২ ডিসেম্বর বহাল থাকে।
এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ১৩ ডিসেম্বর হাই কোর্টে রিট করে প্রাঞ্জল, যার ওপর শুনানি নিয়ে ২৩ ডিসেম্বর হাই কোর্ট রুলসহ তার মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেয়।
হাই কোর্টের এই আদেশ স্থগিত চেয়ে ওই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাজমুল আলম আবেদন করে, এর ওপর সোমবার চেম্বার বিচারপতির আদালতে শুনানি হয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের আদেশের পর প্রাঞ্জলের মনোনয়নপত্র গ্রহণ করে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা।
