২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তান জামায়াতের শেল্টারে ইউরোপে বাচ্চু রাজাকার’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপাপ্ত আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার পাকিস্তান জামায়াতের ‘শেল্টারে’ ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সালাউদ্দিন ওয়াহিদ প্রীতম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 07:56 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

অবশ্য বাচ্চু রাজাকার পালিয়ে যাওয়ার পর তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তাকে খুঁজে বের করতে সরকারি পর্যায়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।

বাচ্চু রাজাকারের অবস্থান জানতে চাইলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যদ্দুর জানতে পেরেছি, সে এখান থেকে পালিয়ে কিছুদিন পাকিস্তানে ছিল। তারপর পাকিস্তান জামায়াতে ইসলামীর শেল্টার নিয়ে সে ফ্রিকোয়েন্টলি ইংল্যান্ড, সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে।”

তিনি বলেন, “প্রথম দিকে সে (বাচ্চু রাজাকার) ইংল্যান্ডে কিছুদিন অবস্থান করেছে। তবে তাকে সর্বশেষ দেখা গিয়েছে সুইডেনে। এই তথ্য আমরা পেয়েছি প্রায় ছয় মাস আগে।”

চার দশক আগে বাঙালি জাতির মুক্তির সংগ্রামকে দমাতে ব্যাপক গণহত্যা, খুন, ধর্ষণ, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ হয় ২০১৩ সালের ২১ জানুয়ারি। মামলার শুরু থেকেই তিনি পলাতক ছিলেন।

এর আগে গোয়েন্দা নজরদারির মধ্যেও ২০১২ সালের ৩০ মার্চ ঢাকা ছাড়েন বাচ্চু রাজাকার। দুদিন পর পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে উত্তরবঙ্গের হিলি সীমান্ত দিয়ে তিনি ভারতে ঢোকেন বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তারপর থেকে বাচ্চু রাজাকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে কোনো সন্তোষজনক উত্তর সে সময় দিতে পারেনি পুলিশ।

সাম্প্রতিক সময়ে এই যুদ্ধাপরাধীর সুইডেনে অবস্থানের তথ্য সেখানে বসবাসরত একজন সাংবাদিকের কাছে পাওয়া গেছে জানিয়ে জেয়াদ আল মালুম বলেন, এ খবর ‘অথেনটিক’।

“আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি, তারা দেশ ও দেশের বাইরে যথেষ্ট শক্তিশালী। এই বিচার বাধাগ্রস্ত করতে তারা তাদের বিদেশি লবিং কাজে লাগিয়ে যে কোনো কিছু করতে পারে।

“এ কারণে লড়াইয়ের অংশ হিসেবে ট্রাইব্যুনাল গঠনের শুরু থেকেই আমরা দেশ ও দেশের বাইরে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ব্যক্তি ও সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছি।”

বাচ্চু রাজাকারের অবস্থানের বিষয়ে জানতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুইডেন প্রবাসী সাব্বির খানের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা এ রকম শুনেছি, তবে তাকে দেখিনি।”

তবে বাচ্চুর সুইডেনে লুকিয়ে থাকা ‘অসম্ভব নয়’ মন্তব্য করে সাব্বির বলেন, “তার ভগ্নিপতি এখানে থাকে। তাছাড়া এখানকার জামায়াত কমিউনিটিও বেশ শক্তিশালী।”

সাব্বির খান জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরেক আসামি জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারও সুইডেনে আছেন। সেখানে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতেও তাকে দেখা গেছে।

একাত্তরে খোকন ‍ছিলেন বাচ্চু রাজাকারের সহযোগী। তাদের দুজনেরই বাড়ি ফরিদপুরে। সুইডেনের স্টকহোমে বড় ছেলে ও মেয়ের সঙ্গে খোকন বহাল তবিয়তেই আছেন বলে গতবছর ট্রাইব্যুনালের রায়ের পর জানা গিয়েছিল।

দেশের বাইরে পলাতক যুদ্ধাপরাধীদের ফেরাতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাইব্যুনালের আইনজীবী প্রতিনিধিদের নিয়ে চলতি বছর একটি কমিটি করে সরকার।

সেই কমিটির প্রধান (চেয়ার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) আবু হেনা রহমাতুল মুমিনের সঙ্গে বাচ্চু রাজাকারের বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ব্যাপারটা ইন্টারপোলের কাছে ন্যস্ত করা হয়েছে। সেখান থেকে কোনো আপডেট আসেনি।”