কচুয়ায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ
চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চ আহসান হাবিবের করা একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেয়।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। সঙ্গে ছিলেন আব্দুল কাদের ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মুরাদ রেজা।
পরে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আহসান হাবিবের মনোনয়নপত্র গ্রহণ করতে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে। ফলে তিনি ৩০ ডিসেম্বর নির্বাচনে অংশ নিতে পারবেন।”
আবেদনকারীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তথ্য গোপনের অভিযোগে চাঁদপুরের রিটার্নিং কর্মকর্তা গত ৬ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন। আপিলেও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে।
পরে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ ডিসেম্বর রিট করেন আহসান হাবিব।
