২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের ভূমি ছাড়পত্র অনলাইনেই

কাগুজে ঝামেলা ও হয়রানি এড়াতে অনলাইনেই ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদন ছাড়পত্র সেবা চালু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 03:03 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

মঙ্গলবার ধানমন্ডির একটি মসজিদ নির্মাণের জন্য ভূমি ব্যবহারের ছাড়পত্র অনুমোদনের মাধ্যমে ডিজিটাল এই সেবার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

প্রাথমিকভাবে রাজউকের অঞ্চল-৫ (লালবাগ-ধানমণ্ডি) এর বাসিন্দারা এই সেবা পাবেন, যা পর্যায়ক্রমে অন্যান্য এলাকার জন্যও চালু হবে।

বিশ্ব ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও ইউকেএইডের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

রাজউক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে পূর্ত সচিব মঈনুদ্দিন আব্দুল্লাহ, রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন, বিশ্ব ব্যাংকের ট্রেড অ্যান্ড কম্পিটেটিভনেস শাখার প্রতিনিধি মিয়া মো. রহমত আলী উপস্থিত ছিলেন।

নতুন এ প্রকল্পকে রাজউকের জন্য একটি 'যুগান্তকারী' পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে পূর্ত সচিব মঈনুদ্দিন আব্দুল্লাহ বলেন, "কিছু সেবা অনলাইনের মাধ্যমে শুরু হল। ধীরে ধীরে অন্যান্য এলাকাকেও এই সেবার আওতায় নিয়ে আসতে হবে।"

প্রযুক্তিগত সব ধরনের সুবিধা কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন পূর্ত সচিব।

“১৯৫৬ সালে ডিআইটি (ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট) গঠনের সময় এখানে ২৫ লাখ মানুষের বসতি ছিল।তখনও এই এলাকার অধিক জনসংখ্যা নিয়ে কথা হত। ১৯৮৭ সালে রূপান্তরিত রাজউক এলাকায় এখন এক কোটি ৬০ লাখের মতো লোক বসবাস করে। তাদের ব্যবস্থাপনার জন্য এ ধরনের ডিজিটাল উদ্যোগ বাস্তবায়ন করতে হবে," বলেন মঈনউদ্দিন।

প্রাথমিকভাবে রাজউকের অঞ্চল-৫ (লালবাগ-ধানমণ্ডি) ডিজিটাল এই সেবার আওতায় এলেও ধীরে ধীরে আরও নতুন নতুন এলাকায় পর্যায়ক্রমে এই অনলাইন সেবা চালু হবে বলে জানান রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

তিনি বলেন, “এই অনলাইন সেবা চালু হওয়ার ফলে রাজধানীবাসীকে এখন আর তাদের কাজের খবর নেওয়ার জন্য বার বার রাজউকে এসে হয়রানির শিকার হতে হবেনা। নিজেরা অ্যাকাউন্ট খুলেই অনলাইনে কাজ করে নিতে পারবেন।”

অনুষ্ঠানে রাজউক কর্মকর্তাদের কাজের প্রশংসা করেন বিশ্বব্যাংকের প্রতিনিধি রহমত আলী।

তিনি বলেন, "২০১৪ সালে রাজউকের সঙ্গে একটি চুক্তি হওয়ার পর অনেকগুলো প্রকল্পে অংশ নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। রাজউক কর্মকর্তাদের মধ্যে কাজের সমন্বয় ও কর্ম তৎপরতা লক্ষ্য করা গেছে।"