২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিনজনকে পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 02:03 AM

Updated : 22 Aug 2022, 02:18 PM

এরা হলেন-ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাজু মিয়া, মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের এনামুল হক। তিনজনই স্নাতকোত্তরের ছাত্র।

রোববার বিকালে তাদের পুলিশে দেওয়া হয় জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। তখন ছাত্ররা ধরে আমাদের কাছে দেওয়ার পর আমরা পুলিশে সোপর্দ করেছি।”

উত্ত্যক্তের শিকার ছাত্রী ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল শাখার সভাপতি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ক্যান্টিন থেকে বেরোনোর সময় চারজন পিছন থেকে তাকে কটূক্তি করতে থাকেন। তিনি তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এসে তিনজনকে ধরে ফেলেন।

এসময় তিনজনকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিনজনকে আটক করে প্রক্টরের লোকজন থানায় নিয়ে আসে।

তবে গভীর রাত পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, “তিনজন থানা হাজতে রয়েছে। আগামীকাল দেখি কর্তৃপক্ষ কী করে।”