২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহাদুর শাহ পার্কে সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের প্রত্যয় নিয়ে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের সমাপনী আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 12:43 AM

Updated : 12 Oct 2022, 04:43 PM

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ শনিবার বিকালে বাহাদুর শাহ পার্কে উৎসবের এই আয়োজনের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, “এবারের বিজয় উৎসব আমাদের জাতীয় জীবনে একটি ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। এর প্রধান কারণ হল আমরা গত ৪৪ বছর যুদ্ধাপরাধ ও বঙ্গবন্ধু হত্যার বিচারের যে দাবি জানিয়েছিলাম, দুটো দাবিই এখন পূরণ হওয়ার পথে।

“এই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার মধ্য দিয়ে জাতির কপালে যে কলঙ্ক তিলক এঁকে দেওয়া হয়েছিল সেটি থেকে মুক্ত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বলা যায়, আমরা দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি।’

তিনি বলেন, “যে প্রক্রিয়ায় আমরা যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শেষ করেছি, একই পদ্ধতিতে সন্ত্রাস ও জঙ্গিবাদকেও সমাজ থেকে বিদায় করব। সে লক্ষ্যেই আমাদের এবারের বিজয় উৎসব।

‘একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ নির্মাণে, যারা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে বিশ্বাস করে; তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে হতাশার মধ্যে না রেখে সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে তাদের বাঁচতে শেখাতে হবে।”

সংগীতশিল্পী সালমা চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাহাদুর শাহ মঞ্চের সদস্য সচিব বাবু রাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফয়জুল আলম পাপ্পু, নির্বাহী কমিটির সদস্য আবুল ফারাহ পলাশ, হানিফ খান প্রমুখ বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, মৈত্রী, গেন্ডারিয়া কচি-কাঁচার মেলা, সীমান্ত খেলাঘর আসর, ভিন্ন ধারা, স্পন্দন, মহীরুহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ও রঙ্গপীঠ গান, আবৃত্তি, নৃত্য, সঙ্গীতসহ নানা পরিবেশনায় অংশ নেয়।

এছাড়া ঊর্মি হালদার, প্রদীপ সরকার, শিবু রায়, মাহফুজা আক্তার নীরা, শান্তা সরকার, রূনা নাগ, আবিদা রহমান সেতু, কানন বালা সরকার, আলী মুহম্মদ দেলওয়ার একক পরিবেশনায় অংশ নেন।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাহাদুর শাহ পার্কে দ্বিতীয় দিনের মতো বিজয় উৎসব চলবে। এর মধ্য দিয়ে সমাপ্ত হবে জোটের এবারের আট দিনব্যাপী বিজয় উৎসব।

এর আগে গত ১৩ ডিসেম্বর বিকাল ৪টায় ‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে, জঙ্গিবাদকে রুখে দাঁড়াও’ স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আট দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম।

কেন্দ্রীয় শহীদ মিনার, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, দনিয়া বর্ণমালা স্কুল ও কলেজ প্রাঙ্গণ সংলগ্ন সড়ক, উত্তরা রবীন্দ্র সরণি ও মিরপুরের কয়েকটি এলাকাসহ রাজধানীর ১৪টি মঞ্চে নাচ, গান, আবৃত্তি, নাটক, চলচ্চিত্র, আলোচনাসহ নানা আয়োজনে প্রতিদিন এ উৎসব চলে।