২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ ফ্লাইওভারে বাইক উল্টে যুবকের মৃত্যু, ২ বন্ধু আহত

ঢাকার যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি মোটরসাইকেল উল্টে এক যুবক নিহত এবং তার দুই বন্ধু আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 11:47 AM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ওই ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত কামাল ও সোহেল রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।

নিহত মনিরুল ইসলাম জুয়েলের (৩০) গ্রামের বাড়ি ঝিনাইদহে। ঢাকায় মিরপুরের আহমেদবাগে থাকতেন তিনি।

মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সম্ভবত’ ফ্লাইওভার থেকে নামার সময় ঢালের কাছে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি উল্টে যায়।

“এতে আরোহী তিন বন্ধুই আহত হন। পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।”

মোটরসাইকেলটি যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনার কারণ ‘এক্সপানশন জয়েন্ট’!