জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে পতাকা মিছিল
যুদ্ধাপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে রাজধানীতে পতাকা মিছিল হয়েছে।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ ব্যানারে এই মিছিল বের হয়।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, নাট্য সংগঠক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার ও ডা. সারোয়ার আলী বক্তব্য দেন।
যুদ্ধাপরাধের বিচারে সন্তোষ প্রকাশ করে সুলতানা কামাল বলেন, “এখনো যাদের বিচার হয়নি, আমরা চাই সুষ্ঠু বিচারের মাধ্যমে তারা যেন তাদের প্রাপ্য শাস্তি পায়।”
দেশে ব্লগার ও লেখকদের হত্যার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে তিনি বলেন, “একাত্তরে যারা বাঙালি জাতিকে মেধাশূন্য করেছে, তারাই এখন ভিন্ন নামে মুক্তমনা লেখকদের হত্যা করছে।”
এম এম আকাশ বলেন, “জামায়াত-শিবির একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন। শীঘ্রই এদেরকে নিষিদ্ধ করতে হবে।”
এছাড়া জামায়াত-শিবিরের আর্থিক উৎস বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান ‘ও আমার দেশের মাটি’, ‘ধন্য ধান্যে পুষ্পে ভরা’ ও ‘মুক্তির মন্দির সোপান তলে’ গাইতে গাইতে মিছিলটি শহীদ মিনার থেকে বেরিয়ে দোয়েল চত্বর-টিএসসি সড়ক দ্বীপ-ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তনে’ গিয়ে শেষ হয়।
শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এই পতাকা মিছিলে অংশ নেন।
