আইনজীবী মনজিল মোরসেদকে হত্যার হুমকি
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ নামে হত্যার হুমকি পেয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।
এ ঘটনায় নিউ মার্কেট থানায় একটি জিডি করেছেন তিনি।
রোববার দুপুরের আগে ‘আনসারুল্লাহ’র প্যাডে হত্যার হুমকি সম্বলিত চিঠিটি সায়েন্স ল্যাবরেটরি এলাকায় তার বাসায় পৌঁছে বলে জানান মনজিল মোরসেদ।
এই আইনজীবী মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য ২০১৫ সালে জাতীয় পরিবেশ পদক পেয়েছেন তিনি।
হুমকির বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মনজিল মোরসেদ জানান, সুপ্রিম কোর্টে থাকা অবস্থায় এ খবর জানতে পেরে নিউ মার্কেট থানায় একটি জিডি করেছেন।
চিঠিটি কোনো ডাকে পাঠানো হয়নি বলেও জানান তিনি।
জিডিতে তিনি চিঠি পাঠানোর বিষয়টির তদন্ত ও নিজের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।
নিউ মার্কেট থানার ওসি আরাফাত হোসেন জানান, দুপুর ২টার দিকে জিডিটি করা হয়েছে।
