নারিন্দার মেসে আগুন দেওয়া হয় ‘ভাঙা জানালা দিয়ে’
ঢাকার নারিন্দায় মেসবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ওয়ারী থানায় মামলা হয়েছে, যাতে আসামি করা হয়েছে নিহত আসাবুদ্দিন সুমনের লেদ ওয়ার্কশপের সাবেক দুই কর্মচারীকে।
ওই মেসের বাসিন্দাদের ধারণা, সোহাগ ও রাজীব নামের ওই দুই যুবকই বাইরে থেকে তালা আটকে ভাঙা জানালা দিয়ে সুমনের (৪০) ঘরে আগুন দেওয়া হয়।
বুধবার রাতে ওই ঘটনায় দগ্ধ হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সুমন। তার সঙ্গে ওই ঘরে থাকা শাকিব (৩৫) ও শহীদুল ইসলাম (২৭) বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
থানার ওসি জেহাদ হোসেন জানান, নারিন্দা মোড়ের ‘হা মীম’ রেস্তোরাঁর দ্বিতীয় তলার পাঁচটি ঘর মেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। তারই একটিতে সুমনসহ তিনজন থাকতেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই ঘর থেকে ‘আগুন আগুন’ চিৎকার শুনে অন্য কক্ষের বাসিন্দারা ছুটে যান এবং বাইরে থেকে তালা দেওয়া দেখে তা ভেঙে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছোট্ট ওই ঘরের দক্ষিণের একটি জানালা ছাড়া আর কোনো ফাঁক নেই, যেখান দিয়ে বাইরে থেকে ভেতরে আগুন দেওয়া সম্ভব।
ওয়ারী জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নুরুল আমিন জানান, সোহাগ ও রাজীব ওই মেসেই থাকতেন। এক সময় তারা সুমনের লেদের দোকানে কাজ করতেন।
“তারা দুজনই মাদকাসক্ত। এ কারণে গেণ্ডারিয়া থানা পুলিশ তাদের একবার আটকও করেছিল। গতকালের ঘটনার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।”
মামলার বাদী রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুমনের ওয়ার্কশপের কাজ ছাড়ার পর সোহাগ ও রাজীব ওই এলাকার রফিকের ওয়ার্কশপে কাজ নেন। সুমনের পাওনা টাকা নিয়ে ঘটনার আগের দিন রাতে রফিকের মধ্যস্থতায় সালিশ হয়।
“মারা যাওয়ার আগে ভাই আমাকে হাসপাতালে বলেছে, সালিশ নিয়ে ওদের মনে রাগ ছিল। ওরাই আগুন দিয়েছে।”
পাশের কক্ষে থাকেন ‘হা-মীম’ রেস্তোরাঁর এক কর্মচারী। তিনি জানান, ভোর রাতে সুমনের ঘর থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে বাইরে থেকে বড় দুটো তালা আটকানো দেখতে পান তারা।
“হাতুড়ি দিয়ে চেষ্টা করে দেখি ভাঙে না। পরে দুইজন মিলে লাথি মারতে থাকলে তালার হুক বাঁকা হয়ে দরজা খুলে যায়।”
কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে ওই মেসের আরেক বাসিন্দা বিল্লাল বলেন, “দরজায় দুইটা তালা মারলো কে? কেউ না কেউ আগুন দিছে।”
জ্যেষ্ঠ সহকারী কমিশনার নুরুল আমিনও বলছেন, জানালা দিয়ে বাইরে থেকে ওই ঘরে আগুন দেওয়ার সম্ভাবনাই বেশি।
“সোহাগ ও রাজীবকে ধরতে পারলেই সবকিছু বের হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।”
