২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবেই নীরবের মুত্যু, দাফন হবে কালকিনীতে

রাজধানীর কদমতলীতে পয়োনিষ্কাশন নালায় পড়ে যাওয়ার পর পানিতে ডুবেই শিশু ইসমাইল হোসেন নীরবের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 01:08 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

পুরনো খবর:

‘খেলতে গিয়ে পোলা আর ফিরল না’
রাজধানীতে নর্দমায় পড়ে শিশুর মৃত্যু

নীরবের বাবা রেজাউল করিম জানান, মাদারিপুরের কালকিনী উপজেলার বনগ্রামে তাদের গ্রামের বাড়িতে দাফন হবে তার ছেলের।

কদমতলীর শ্যামপুর পালপাড়ায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলার সময় নীরব ড্রেনে পড়ে যায় বলে পুলিশ ও স্বজনরা জানান।

খবর পেয়ে ঘটনাস্থল ও আশপাশের নালায় নেমে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। প্রায় সাড়ে চার ঘণ্টা পর বুড়িগঙ্গার তীরে আরেক নালার তারের জালে আটকে থাকা অবস্থায় অচেতন নীরবকে খুঁজে পান এক উদ্ধারকর্মী।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক রাত ৯টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে লাশের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কাজী আবু শামা।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “পানিতে ডুবেই মৃত্যু হয়েছে। শরীরে গভীর কোনো ক্ষতের চিহ্ন নেই। শুধু রোলিংয়ের (গড়ানো) কারণে পেট, কপালে ও মুখে কিছু জখম রয়েছে।”

এই চিকিৎসক জানান, নীরবের পাকস্থলিতে যে খাবার পাওয়া গেছে, তা পরীক্ষা করে মনে হয়েছে মৃত্যুর ঘণ্টাখানেক আগে খেয়েছিল শিশুটি।

“এছাড়া পেটে নর্দমার কিছু পানিও পাওয়া গেছে।”

তবে ম্যানহোলে পড়ার কতক্ষণ পর নীরবের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি ফরেনসিক বিভাগের প্রধান।

এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দুপুরে খাওয়ার এক ঘণ্টার মধ্যে মারা গেছে এটা আমরা বলতে পারি। ম্যানহোলের ভেতরে কোনো খালি জায়গা ছিল কি না, সেখানে তার ভেসে থাকার সুযোগ ছিল কি না- তা তো নিশ্চিত করে বলা যায় না।”

Image
নীরবের মায়ের আহাজারি

নীরবের মায়ের আহাজারি

নীরবের বাবা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ৩টার দিকে খাওয়ার পর কিছুক্ষণ পড়াশোনা করে খেলতে গিয়েছিল তার ছেলে।

রাতুল নামে আরেক শিশুর ধাক্কায় নীরব নালায় পড়ে যায় বলে ঘটনার পর অভিযোগ করেছিলেন তার মা নাজমা বেগম।

নীরবের বাবা রেজাউল নারায়ণগঞ্জের গাউছিয়াতে আরএফএলে চাকরি করেন। কদমতলীতে ছোট্ট এক কক্ষের বাসায় পরিবার নিয়ে থাকেন তিনি।

রাতে কাঁদতে কাঁদতে তিনি সাংবাদিকদের বলেন, “বাড়িতে আমি তারে পড়াইতাম। পড়া থেইকা উইঠা পোলা খেলতে গিয়ে আর ফিরল না। ওরে এইবার বড় ওয়ানে ভর্তি করাইতে চাইছিলাম।”

রেজাউল করিম জানান, কালকিনীর বনগ্রামে দাদা আব্দুল করিমের কবরের পাশে নীরবকে দাফন করা হবে।

“শ্যামপুরের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা লাশ প্রথমে বাসায় নিতে বলেছেন, তারপর গ্রামের বাড়িতে।”

দাফন ও অন্যান্য খরচের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ওয়ারি পুলিশের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, গ্রামে লাশ দাফনের পর রেজাউল করিম ফিরে এলে তারা মামলার বিষয়ে আলোচনা করবেন।