২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনামিকা হত্যা: মানিকের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন বহাল

ঢাকার কেরানীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রী অনামিকা ঘোষকে অপহরণ ও হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 02:34 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ ও ডেথ রেফারেন্স গ্রহণ করে এই রায় দেয়। 

আপিলের রায়ে আসামি মোহাম্মদ মানিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।

আর আসামি জনি ঘোষ ওরফে জনা, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম মুন্সী ও মো. আলাউদ্দিনকে খাটতে হবে যাবজ্জীবন সাজা।

ঢাকার চার নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম ২০০৯ সালের ডিসেম্বরে আসামিদের এই সাজারই রায় দিয়েছিলেন।

ওই বছর ২৬ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় কেরানীগঞ্জের বামনসূর প্যাসিফিক কিন্ডার গার্টেনের ছাত্রী নয় বছর বয়সী অনামিকা ঘোষ। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অনামিকার বাবা সুধারাম ঘোষ ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দিতে রাজি হলেও তাতে রফা হয়নি। ১ মার্চে মানিকগঞ্জের শিবালয় এলাকার পাটুরিয়া ফেরিঘাটের কাছে ধুতরা বাড়ি গ্রামের ধান ক্ষেত থেকে অনামিকার লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে অপহরণের দিনই অনামিকার বাবা থানায় মামলা দায়ের করেন। ওই বছর ৭ মার্চ পুলিশ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।

আসামিরা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ২৫ এপ্রিল।

নিম্ন আদালতে মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২২ জন। ওই বছর ৩১ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার আদালত রায় ঘোষণা করেন।

আসামিরা আপিল করলে চলতি বছর ৭ ডিসেম্বর হাই কোর্টে শুনানি শেষ হয়। এর ধারাবাহিকতায় আদালত মঙ্গলবার রায় দিল। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেলোয়ার হোসেন সমাদ্দার ও মনিরুজ্জামান রুবেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিজামুল হক।

আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মুনসুরুল হক চৌধুরী, ইউসুফ হোসেন হুমায়ুন ও মাহবুব উদ্দিন খোকন।

রায়ের পর দেলোয়ার হোসেন সমাদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিরা সবাই বর্তমানে কারাগারে আছেন।

এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। আসামিদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত দণ্ড বহাল রেখেছেন।”