বিএটিবির পৃষ্ঠপোষকতায় ‘ব্যাটেল অব মাইন্ড’ বন্ধের দাবি
তরুণদের ধূমপানসহ তামাক পণ্যে আকৃষ্ট করার পাশপাশি চাকরির প্রলোভন দেখিয়ে বিট্রিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) পৃষ্ঠপোষকতায় ‘ব্যাটেল অব মাইন্ড-২০১৫’এর আয়োজন বন্ধের দাবি জানিয়েছে তামাক বিরোধী সংগঠন ‘প্রজ্ঞা’।
প্রজ্ঞা জানিয়েছে, রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে এই প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।
তবে তারা এই অনুষ্ঠান সোমবার করার পরিকল্পনা করছে।
এদিকে রোববারই এই আয়োজন হচ্ছে এমন খবরে- তা বন্ধের দাবিতে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে তামাকবিরোধী বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে।
প্রজ্ঞার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৫(গ) ধারায় এ ধরনের প্রতিযোগিতার আয়োজনে ব্যয়ভার বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।”
এই ধারা লঙ্ঘন করলে অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ব্রান্ড প্রমোশন, তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা এবং নীতিপ্রণেতাদের প্রভাবিত করতেই প্রতিবছর এই ‘মৃত্যুবিপণন’ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে আরও বলা হয়, মূলত কথিত মেধা যাচাইয়ের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে চাকরি দেওয়া এবং তরুণদের ধূমপানে আসক্ত করার নামে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘প্রজ্ঞা’ জানায়, প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে মনোনীত করে ১৭০ জনকে প্রথম রাউন্ডে নির্বাচিত করা হয়। দ্বিতীয় রাউন্ডে উঠা ৭৬ জনের মধ্যে ২০ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়।
গত ১০ বছরে (২০০৪-২০১৪) একইভাবে এ ধরনের আয়োজনের মাধ্যমে ১৫ হাজারের মধ্যে মাত্র ৭৬ জনকে চাকরি দিয়েছে বিএটিবি।
প্রজ্ঞা এ আয়োজন অবিলম্বে বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।
একই দাবিতে বিকেল ৫টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজ্ঞা, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশ, ঢাকা আহসানিয়া মিশন, প্রত্যাশা, উবিনিগ, ডাব্লিউবিবি ট্রাস্ট, ইপশা, ইসি বাংলাদেশ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।
সিটিএফকে’র শরীফুল ইসলাম জানান, মূলত তরুণদের ধ্বংস করার জন্যই এসব অনুষ্ঠানে আয়োজন করা হয়ে থাকে, যা আইনত অপরাধ। এসব অনুষ্ঠান প্রতিরোধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
