সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুজনের
সিলেটে একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় এর চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার রাত ১১ টার দিকে সিলেট-তামাবিল সড়কের পীরের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- পীরেরবাজার এলাকার বাসিন্দা রফিক মিয়া (৪৫) এবং টিকরপাড়া এলাকার বাসিন্দা বাবুল ওরফে মদন (৩০)।
শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান, তামাবিল থেকে সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাক পীরেরবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা এবং দুটি হিউম্যান হলারকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রফিক মারা যান। হাসপাতালে নেওয়ার পর অটোরিকশাচালক বাবুল ওরফে মদনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ লোকজন সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিয়ে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
