জাল মুদ্রা উদ্ধার, পাকিস্তানিসহ আটক ৬
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ‘বিপুল পরিমাণ’ জাল মুদ্রা ও পাসপোর্টসহ ছয়জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন ‘বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক’ বলে জানিয়েছে র্যাব।
র্যাব বলছে, এরা সবাই মুদ্রা জালিয়াতি ও মানবপাচারে জড়িত একটি চক্রের সদস্য। এই চক্রটি পাকিস্তান থেকে জাল রুপি এনে বাংলাদেশ হয়ে ভারতে পাচার করে আসছিল।
গ্রেপ্তাররা হলেন- আব্দুল্লাহ ওরফে সেলিম (৪২), মো. জাহাঙ্গীর (৪৫), আব্দুল খালেক (৫৫), মো. কামরুল ইসলাম (২৮), আবু সুফিয়ান (৪৮) ও মামুনুর রশিদ (৪৫)। এদের মধ্যে আব্দুল্লাহকেই পাকিস্তানি নাগরিক বলা হচ্ছে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আগের রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক কোটি রুপি মূল্যমানের ভারতীয় জাল নোট, ছয় লাখ ২৪ হাজার টাকা মূল্যমানের বাংলাদেশি মুদ্রা, নয় হাজার ১২৫ ডলার ও বিপুল পরিমাণ পাকিস্তানি রুপি, দিরহাম ও সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
এ ছাড়া ২১টি পাকিস্তানি ও সাতটি বাংলাদেশি পাসপোর্ট, সাতটি বিমানবন্দর ভিজিটর কার্ড, পাঁচটি মোবাইল ফোন ও চারটি বিদেশি মোবাইল সিমকার্ড এবং বিভিন্ন ধরনের সিল ও সিল তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এসব সরঞ্জাম মানব পাচারে ব্যবহার করা হতো বলে র্যাবের ধারণা।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানে অবস্থানরত মানব ও মুদ্রা পাচারকারী একটি চক্র বাংলাদেশ হয়ে বিভিন্নভাবে এসব জালমুদ্রা পাচার করে আসছিল।
“জাহাঙ্গীর, খালেক ও আবদুল্লাহ এই চক্রের সমন্বয় করতেন। ভারত ভ্রমণে যাওয়া অনেক বাংলাদেশি এসব জাল মুদ্রা কিনে প্রতারিত হয়েছেন।”
মুফতি মাহমুদ বলেন, সেলিম, জাহাঙ্গীর ও খালেককে বিমানবন্দর ফুটওভার ব্রিজ এলাকা থেকে আটক করা হয় বৃহস্পতিবার রাত ৮টার দিকে। পরে তাদের দেওয়া তথ্যে শুক্রবার ভোরের দিকে কামরুল, সুফিয়ান ও রশিদকে বিমানবন্দর থানার আল আমিন রেস্তোরাঁর সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
প্রথম তিনজনের কাছ থেকে ৭০ লাখ ভারতীয় জাল মুদ্রা, নয় হাজার ১২৫ ডলার, ২১টি পাকিস্তানি ও সাতটি বাংলাদেশি পাসপোর্ট, একশ সৌদি রিয়াল এবং সিল ও সিল তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
পরের তিনজনের কাছে ৩০ লাখ ভারতীয় জাল মুদ্রা, ছয় লাখ ২৩ হাজার ৫০০ বাংলাদেশি মুদ্রা, ৪৩ হাজার ১৯০ পাকিস্তানি রুপি, ১৩ হাজার ৬২৭ ইউএই দিরহাম, সাতটি বিমানবন্দর ভিজিটর কার্ড, পাঁচটি মোবাইল ফোন ও চারটি বিদেশি মোবাইল সিমকার্ড পাওয়া যায়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল্লাহ ওরফে সেলিম ১৯৭৯ সালে পুরো পরিবারের সঙ্গে পাকিস্তানে যায় এবং ২০০২ সাল পর্যন্ত করাচির বিভিন্ন পোশাক কারখানা ও ফার্মেসিতে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় মুদ্রা জালিয়াত ও মানবপাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
র্যাব বলছে, বাংলাদেশে সক্রিয় এই চক্রের বেশিরভাগ সদস্যের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলায়। তারা পশ্চিমবঙ্গের মালদা জেলার কয়েকজনের সঙ্গে ভারতীয় জাল মুদ্রার কারবার করে আসছিলেন। কখনো আবার হুন্ডি বা গরু পাচারের সময়ও জাল মুদ্রা হাতবদল হতো।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চক্রের সদস্যরা বিশেষভাবে তৈরি লাগেজে ভারতীয় জাল মু্দ্রা বাংলাদেশে আনতো। ঢাকায় আসার পর বিমানবন্দরের এসব জাল মুদ্রা ইমিগ্রেশন ও গ্রিন চ্যানেল পার করাতো চক্রের আরেকটি অংশ।
এরপর আব্দুল্লাহ ও খালেক ভারতীয় জাল মুদ্রাগুলো রশিদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হস্তান্তর করতেন। এই জাল মুদ্রার বড় একটি অংশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রবেশ করতো বলে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে র্যাব।
