বাংলা একাডেমির হীরকজয়ন্তী: আক্ষেপ আর প্রাপ্তির হিসাব
বাংলা একাডেমির হীরকজয়ন্তীতে এসে আক্ষেপ আর প্রাপ্তির হিসাব মেলানোর চেষ্টা করলেন অর্থমন্ত্রীসহ বিশিষ্টজনেরা; যেখানে বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ এই গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম আরও বিস্তৃত করার পরামর্শও এসেছে।
হীরকজয়ন্তীর প্রথম দিনের আনুষ্ঠানের মূল পর্বের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলা একাডমি প্রতিষ্ঠার আন্দোলনে থাকলেও ১৯৫৫ সালে উদ্বোধনের দিন থাকতে পারেননি তিনি। তবে একাডেমির হীরকজয়ন্তী এসে তার সে দুঃখ ঘুচে গেছে।
অন্যদিকে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দিনের স্মৃতি ‘চোখের সামনে জ্বলজ্বল করছে’ জানিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “আজ হীরকজয়ন্তীর সভাপতিত্ব করা তাই আমার জন্য বড় সৌভাগ্যের।”
দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছিল হীরকজয়ন্তীর মূল পর্ব।
আলোচনায় অর্থমন্ত্রী মুহিত বলেন, “বাংলা একাডেমির উৎপত্তি ও বিকাশের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে গর্ববোধ করছি। আমি বাংলা একাডেমির ভক্ত। তবে একাডেমির সদস্য হয়েছি সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর ১৯৮৪ সালে।”
চাকরির পরীক্ষার প্রস্তুতির কারণে বাংলা একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেননি জানিয়ে এর প্রতিষ্ঠার ইতিহাস শোনান অর্থমন্ত্রী।
রাষ্ট্রভাষা বাংলা করতে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের বিরোধিতার কারণে তার বাসভবন বর্ধমান হাউজেই বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি উঠেছিল বলে জানান তিনি।
“বর্ধমান হাউজের এই স্থানে হওয়ায় উপকারও হয়েছে। এই এলাকায় আমরা একটি সাহিত্য ও সাংস্কৃতিক বলয় তৈরি করেছি। রেসকোর্সের পূর্ব মাথা থেকে যেটা শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। আমাদের দেশে এটা আপনা-আপনিই গড়ে উঠেছে এবং এটা সবার কাছে পরিচিত।”
মুহিত বলেন, বাংলা একাডেমির একটি বড় কাজ হচ্ছে, ভাষার চর্চা ও গবেষণার মাধ্যমে ভাষাকে উন্নত করা। সেটা নিয়ে বলতে গেলে এর অবদান কম নয়।
“সম্প্রতি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে বাংলা একাডেমি উল্লেখযোগ্য কাজ করেছে। আমাদের দেশের লেখক সাহিত্যিকদের পাশাপাশি পশ্চিমবঙ্গের যারা সাহিত্যিক আছেন তাদেরও সহায়তা নিয়েছেন।”
বাংলা ভাষার বিকাশে বাংলা একাডেমির অবদান পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিসহ যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে অগ্রগামী বলে মন্তব্য করেন মুহিত।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “বাংলা একাডেমির ষাট বছর পূর্তি উৎসবে পশ্চিমবঙ্গের বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাকারী দুটি প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতি আমাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে বলে আমি আশা করি।”
কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠার মাঝামাঝি সময়ে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে তিন প্রতিষ্ঠানের কাজের প্রশংসা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই অধ্যাপক।
তিনি বলেন, “পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সরকার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বাংলা ভাষারীতি গ্রহণ করেছে। আমাদের একাডেমিরও সবচেয়ে জনপ্রিয় বই অভিধান। যদিও এর বাইরে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা, সাহিত্যিকদের জীবনী রচনা, লোকসাহিত্যের সংগ্রহ করা বহু কাজ বাংলা একাডেমির রয়েছে।
“বাংলা একাডেমির বানান রীতি ও পশ্চিম বাংলা আকাদেমির বানান রীতির মধ্যে কিছু পার্থক্য রয়ে গেছে। আমার মনে হয়, আমরা এই দুই প্রতিষ্ঠান মিলে যদি উদ্যোগ নিই, তাহলে যে পার্থক্য আছে সেটা দূর করে বাংলা ভাষার জন্য একটি ভাষারীতি তৈরি করা সম্ভবপর। সেটা করতে পারলে বাংলা ভাষা-ই উপকৃত হবে।”
অনুষ্ঠানে হীরকজয়ন্তী স্মারক বক্তৃতা করেন ভারতের চেন্নাইয়ের খ্যাতনামা লেখক ও গবেষক ভি. বি গণেশন।
“আমি অত্যন্ত আনন্দিত যে, এই বক্তৃতানুষ্ঠান আবদুল করিম সাহিত্যবিশারদের নামাঙ্কিত মিলনায়তনেই অনুষ্ঠিত হচ্ছে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “বাংলা একাডেমি আমাদের প্রাণের প্রতিষ্ঠান। পাকিস্তানি অন্ধকার সময়ে আমরা এই একাডেমিতে সাংস্কৃতিক সংগ্রাম পরিচালনা করেছি। এখন একাডেমি ভাষা ও সাহিত্য নিয়ে অসাধারণ সব কাজ করে চলেছে।”
তিনি বলেন, “বাংলা একাডেমির একুশের বইমেলা আজ বিশ্বের দীর্ঘতম বইমেলার স্বীকৃতিপ্রাপ্ত। বাংলা একাডেমির ষাট বছর আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত।”
অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি শাঁওলী মিত্র বলেন, “বাংলাদেশের বাংলা একাডেমি এবং পশ্চিমবঙ্গের বাংলা আকাদেমি যৌথভাবে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা করতে পারে।”
কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষৎ সভাপতি বারিদবরণ ঘোষ বলেন, “বাংলাদেশের বাংলা একাডেমি সুদীর্ঘ ষাট বছর যাবৎ বাংলা ভাষা নিয়ে আন্দোলন করে চলেছে। এজন্য একাডেমি অভিনন্দনপ্রাপ্য। বঙ্গীয় সাহিত্য পরিষৎ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ নিয়ে গবেষণায় বাংলাদেশের বাংলা একাডেমির সঙ্গে কাজ করতে আগ্রহী।”
অনুষ্ঠানে নজরুল-পৌত্রী অনিন্দিতা কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা বঙ্গবন্ধুর একটি রচনার সংক্ষিপ্ত ভাষ্য পাঠ করে বাংলাদেশ ও নজরুলের সম্পর্কের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “ভাষা আন্দোলনের পথ বেয়ে প্রতিষ্ঠিত বাংলা একাডেমি ও বাংলাদেশ এক অভিন্ন নাম। বাংলা একাডেমি ষাট বছরে ঐতিহ্যের অনন্য বিস্তার ঘটিয়ে চলেছে।
“প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনের ব্যক্তিবর্গের সঙ্গে বিদেশি অতিথিদের সম্মিলন একাডেমির পরিসরকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করবে।”
আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী অনিন্দিতা কাজী, রফিকুল আলম ও অণিমা রায়।
অনুষ্ঠানে বাংলা একাডেমির ইতিহাস-ঐতিহ্য এবং সাম্প্রতিক কর্মতৎপরতা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এর আগে সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সূচনা হয় ৫২’র ভাষা আন্দোলনের প্রেরণায় জন্ম নেওয়া এই প্রতিষ্ঠানের হীরকজয়ন্তীর আয়োজন।
এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিকেল সাড়ে ৩টা থেকে একাডেমির রবীন্দ্র-চত্বরে বাংলা একাডেমির সদস্য-ফেলো-কবি-লেখকদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
খোলা আকাশের নিচে ওই সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিতরা আড্ডা-গল্পে সময় পার করেন।
এরপর বিকেল ৫টায় একাডেমির নভেরা প্রদর্শনী কক্ষে ‘বাঙালি মনীষার দীপ্ত প্রতিকৃতি’ শীর্ষক ২৪ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়া উৎসব উপলক্ষে বাংলা একাডেমি প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
