দুই যুদ্ধাপরাধীর ফাঁসির অপেক্ষা
যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় শাহবাগে অবস্থান করছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
একাত্তরের বদর কমান্ডার মুজাহিদ ও যুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস সাকার ফাঁসির অপেক্ষায় শুক্রবার বিকাল থেকে অবস্থান করছেন তারা।
মধ্যরাতের পর কিছুটা বিরতি থাকলেও শনিবার বিকাল থেকে আবারও পুরোদমে শাহবাগে অবস্থান নেন যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের সংগঠকরা। সন্ধ্যার দিকে তাদের সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।
রাত সাড়ে ১০টা জাতীয় জাদুঘরের সামনের সড়কে ফুল দিয়ে বানানো বাংলাদেশের মানচিত্রের চারপাশে মোমবাতি জ্বালিয়ে দ্রুত যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাদের।
বুধবার রিভিউ আবেদন খারিজের পর শাহবাগে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল তারা। এই দুজনের ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতি বড় ধরনের কলঙ্কমুক্ত হবে।
“আমরা দাবি জানাই, সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ এবং দণ্ড কার্যকর করতে হবে।”
তিনি বলেন, “আদালতের রায়ের পর সাকা ও মুজাহিদ যে তামাশা করেছে তা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার মাধ্যমে মিথ্যা-নাটক প্রমাণিত হয়েছে।
“স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার হবে না, এটা হতে পারে না। এই রায় কার্যকর করা না হলে শহীদদের আত্মার সঙ্গে বেঈমানি করা হবে।”
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ব্যানারে প্রায় অর্ধশত নেতাকর্মীকে শাহবাগে অবস্থান করতে দেখা গেছে।
