নিশ্চয়ই রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন না: ইমরান
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জানানো আবেদনকে সাধুবাদ জানিয়ে তাদের ক্ষমা না করার ‘প্রত্যাশা’ ব্যক্ত করেছে গণজাগরণ মঞ্চ।
প্রাণভিক্ষার আবেদনের প্রতিক্রিয়ায় শনিবার মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই আবেদনকে আমরা সাধুবাদ জানাই।”
“এর মাধ্যমে এতো এতো মানুষকে হত্যা করার যেসব অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে সেগুলো তারা স্বীকার করে নিল। তারা এতোদিন পর অন্তত বুঝতে পারল, তারা অপরাধ করেছিল এবং তারা অনুতপ্ত হল যে এটা তাদের অপরাধ ছিল।”
এসময় প্রাণভিক্ষার এই আবেদনকে ‘শুধুই আনুষ্ঠানিকতা’ হিসেবে অভিহিত করে ক্ষমা না করার প্রত্যাশা ব্যক্ত করেন একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র।
রিভিউ খারিজের মধ্য দিয়ে আইনি লড়াই চূড়ান্ত নিষ্পত্তির পর যুদ্ধাপরাধী বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের শেষ সুযোগ ছিল দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক এই দুই মন্ত্রীর দণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে শনিবার তারা প্রাণভিক্ষার আবেদন করেন।
নিয়ম অনুযায়ী, কারাবন্দিদের ক্ষমার আবেদন কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যায় আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় তা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠায়। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এই বিষয়ে সিদ্ধান্ত দেন।
ইমরান বলেন, “এই বিচারে তো দুইটা পক্ষ। একপক্ষ যুদ্ধাপরাধীরা এবং অন্যপক্ষ বাংলাদেশের জনগণ। রাষ্ট্রপতি নিজেও একজন মুক্তিযোদ্ধা। জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে তো নিশ্চয়ই রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন না।”
“আমরা প্রত্যাশা করি, যেহেতু এটা ক্ষমার অযোগ্য অপরাধ, সেহেতু রাষ্ট্রপতি তাদের ক্ষমা করতে পারবেন না। প্রাপ্য শাস্তি তারা পাবে।”
এদিকে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির কার্যকরের অপেক্ষায় শুক্রবার বিকাল থেকে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার মধ্যরাতের পর কিছুটা বিরতি থাকলেও শনিবার বেলা ৩টা থেকে পুরোদমে মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে বলে জানিয়েছেন মুখপাত্র ইমরান।
