‘গাইলে একসাথে গাইব, ডুবলেও একসাথে’
মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষাসহ বিভিন্ন ইস্যুতে ‘ঐক্যবদ্ধ এশিয়ার’ ওপর গুরুত্বারোপ করেছেন ভারতের প্রবীণ লেখিকা নয়নতারা সাহগল।
বৃহস্পতিবার বাংলা একাডেমিতে ঢাকা সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের অর্ধ শতাধিক কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক ও সাহিত্যানুরাগীর উপস্থিতিতে তিনি একথা বলেন।
ইংরেজি ভাষায় লেখালেখিতে খ্যাতিমান নয়নতারা বলেন, “আমাদের এই অঞ্চলে সাহিত্যকর্ম ও শিল্প রক্ষায় যা করা দরকার সবই আমাদের করতে হবে। পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মতপ্রকাশের স্বাধীনতা, জনদুর্ভোগ সকল ক্ষেত্রে আমাদের একীভূত হতে হবে।
“আমরা গাইলেও একসাথে গাইব, ডুবলেও একসাথে।”
ভারতে মুসলিম ও মুক্তমনাদের ওপর আক্রমণের প্রতিবাদে মর্যাদাপূর্ণ সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার ফেরত দিয়ে লেখকদের পুরস্কার ফেরত আন্দোলনের সূচনাকারী নয়নতারা সাহগাল অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বক্তব্যে নিজের দেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও মৌলবাদীদের বিরুদ্ধে লেখকদের সাম্প্রতিক প্রতিবাদী কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন ভারতীয় এই লেখক।
তিনি বলেন, “আমরা (ভারতের লেখক-সাহিত্যিকরা) সকলে একটি কথা স্পষ্ট করে বলতে চাচ্ছি-কোনো দেশের ধর্ম থাকতে পারে না, ধর্ম থাকবে মানুষের। এবং প্রত্যেক ভারতীয় নাগরিক তার ধর্মীয় আচরণ সমানভাবে পালন করতে পারবে।
“প্রতি দেশে অনেক ধর্ম ও সংস্কৃতি আছে। আমাদের তাদের লেখা, প্রত্নতত্ত্ব, নাটক, গানসহ সবগুলো ধারণ করতে হবে।”
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ভাগ্নি নয়নতারা বলেন, “লেখাটাও রাজনৈতিক কাজ। এটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের ইমাজিনেশনের প্রতিক্রিয়া। গল্প, কবিতা, উপন্যাস রাজনীতির বাইরে নয়। এটা পলিটিক্যালি কনশাস ইমাজিনেশন।”
৮৮ বছর বয়সী এই লেখিকা আরও বলেন, “পৃথিবীর যেখানে লেখকরা আক্রান্ত হলে সেটা সকল দেশের লেখকদের মর্মে আঘাত করে।
“এ কারণে ভারতের লেখকরা যখন মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সোচ্চার হলাম, তখন সারা পৃথিবীর কয়েকশ লেখক-সাহিত্যিক আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন।”
‘অপরিকল্পিত ও অসংগঠিত’ হওয়ার কারণে ভারতে লেখকদের প্রতিবাদী কর্মসূচি বেশি মাত্রা যোগ করতে পেরেছে বলে মন্তব্য করেন নয়নতারা।
তিনি বলেন, “ভারতীয় হলেও আমি এই বিশ্বেরই নাগরিক। এই এককত্বের জায়গা থেকে আমাদের এক হতে হবে।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিন দিনব্যাপী ঢাকা সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও বাংলাদেশে ইংরেজি ভাষার কবি কায়সার হক, ঢাকা সাহিত্য উৎসবের তিন পরিচালক কাজী আনিস আহমেদ, আহসান আকবর ও সাডাফ সাজ বক্তব্য দেন।
