শ্রমিক নিতে আগ্রহী সৌদি
বাংলাদেশ থেকে নার্স, চিকিৎসক ও শিক্ষকের পাশাপাশি দক্ষ-অদক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।
বৃহস্পতিবার দুদেশের অর্থনৈতিক কমিশনের সভা (জেইসি) শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী আহমাদ বিন ফাহাদ আল ফুহাইদ।
তিনি বলেন, “শিগগির আমরা বাংলাদেশ থেকে নার্স, ডাক্তার ও শিক্ষকসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নেওয়া শুরু করা গুরুত্বের সঙ্গে দেখছি।”
সৌদি আরবকে পৃথিবীর সবচেয়ে উন্নত কর্মক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ফুহাইদ বলেন, সম্প্রতি বাংলাদেশ সরকার ওমরাহ হজ নিয়ে জটিলতার বিষয়ে যেসব পদক্ষেপ নিয়েছে তাতে তারা সন্তুষ্ট।
সাত বছরের নিষেধাজ্ঞার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে গৃহস্থালি ১২টি পেশায় শ্রমিক নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি সরকার।
সরকারি হিসাবে বর্তমানে ১২ লাখ ৮০ হাজার বাংলাদেশি দেশটিতে বিভিন্ন পেশায় নিয়োজিত। সে হিসাবে সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।
২০০৮ সালে নিষেধাজ্ঞা আরোপের আগে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় দেড় লাখ শ্রমিক নিত সৌদি আরব।
বৈঠকে সৌদি আরবের কাছে পোশাক শিল্প, চামড়া ও চামড়া জাত পণ্য, ওষুধসহ বেশ কিছু পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন।
বিষয়টি সৌদি আরব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি।
শেরেবাংলা নগরের অর্থনৈতিনক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে বুধ ও বৃহস্পতিবার দুদিন সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মেজবাহউদ্দিন জানান, বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। এছাড়া বাণিজ্য সুবিধা বাড়ানোরও আশ্বাস দিয়েছে দেশটি।
সৌদি ফান্ড বাংলাদেশে তাদের ঋণ কার্যক্রম বৃদ্ধির আশ্বাস দিয়েছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক জোনে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।”
একক দেশ হিসাবে এখনও পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, জানান মেজবাহউদ্দিন।
তিনি জানান, ২০১৪-১৫ অর্থবছরে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে রেমিটেন্স এসেছিল ৩৩৪ কোটি ৩৪ লাখ ডলার। আগামীতে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে।
বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির আশ্বাস দিয়েছে সেদি আরব বলেও জানান জ্যেষ্ঠ সচিব।
ওমরাহ হজের ভিসা জটিলতা বিষয়ে মেজবাহউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ওমরা হজ পালনে ভিসা বন্ধ আছে। আমরা বিষয়টি সৌদি প্রতিনিধির কাছে তুলে ধরেছি।
এ বিষয়ে ধর্ম সচিব চৌধুরী বাবুল হাসান জানান, সৌদি সরকার ১০৪টি হজ এজেন্সি বিষয়ে অভিযোগ করেছিল। এর মধ্যে ৬৯ এজেন্সির লাইসেন্স বাতিল, ২৬ প্রতিষ্ঠানকে আর্থিকভাবে জরিমানা এবং ৯টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এসব পদক্ষেপের বিষয়ে সৌদি সরকারকে জানানো হয়েছে জানিয়ে ওমরা হজের ভিসা সংক্রান্ত ঝামেলা কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে সৌদি আরব হুন্ডি বা অবৈধ পথে অর্থ পাচার বন্ধে জেইসি সভায় দুই পক্ষই একমত হয়েছে। একইসঙ্গে জঙ্গি বা সন্ত্রাসী অর্থায়ন ঠেকাতে দুই দেশের মানি লন্ডারিং আইন শক্তিশালী করতে সম্মত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া ইআরডির একজন কর্মকর্তা বলেন, “সভায় কোনো বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সৌদি আরব শুধু বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়েছে।”
