২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মৃত্তিকালগ্ন’ নাট্যোৎসব শুরু

ভারত ও বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নাট্যদলের অংশগ্রহণে ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে নাট্যোৎসব। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 10:19 PM

Updated : 12 Oct 2022, 04:29 PM

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘প্রথম আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসব’র শিরোনামের আট দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন।

সম্প্রীতি নাট্যগোষ্ঠী আয়োজিত উৎসবে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ১৬টি বৈচিত্র্যময় নাট্যদল এই উৎসবে অংশ নিয়েছে।

বাংলাদেশের চাকমা,মনিপুরী,ত্রিপুরা,সাঁওতাল,গারো,মারমা,ওঁরাও নাটকের দলগুলোর সঙ্গে ভারতের অসমিয়া,খাসি,বড়ো,মনিপুরী,ত্রিপুরা,মিজো,ঝাড়খণ্ড ও ছৌ মৃত্তিকালগ্ন গোষ্ঠীর নাট্য দলগুলো তাদের নাটকগুলো মঞ্চস্থ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন,“বাংলাদেশের সনাতনী সংস্কৃতি নানাভাবে বাঙালির আধুনিক চরিত্রকে সমৃদ্ধ করে চলেছে। মৃত্তিকালগ্ন নাট্যোৎসবে সেই ধারা আরও বিকশিত হবে।” 

উৎসবের নামকরণ নিয়ে তিনি বলেন, “মৃত্তিকালগ্ন-নামটিও কিন্তু বেশ চমৎকার!ইনডিজেনাস-এর বাংলা মানে হতে পারত অনেক কিছু। কিন্তু মৃত্তিকালগ্ন নামটি বেশ যুৎসই লাগছে।”

স্বাধীনতা পরবর্তী সময়ে নানা বাধা-বিঘ্ন উপেক্ষা করে বাংলাদেশের নাট্যচর্চা কিভাবে বিস্তৃত হয়েছিল,সেই ইতিহাস তুলে ধরেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনের কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন,“ভারতের সঙ্গে যে আমাদের রক্তেরও বন্ধন। একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাদেরও রক্ত ঝরেছে বাংলার মাটিতে।”

এই নাট্যোৎসবের মাধ্যমে দুই দেশের দর্শক,সংস্কৃতিকর্মীরা দুটি দেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নাট্য সংস্কৃতি নিয়ে জানতে পারবে বলে মনে করেন সংস্কৃতিমন্ত্রী।

মন্ত্রী বলেন,এ ধরনের উৎসব দেশব্যাপী ছড়িয়ে দিতে তার বিশেষ পরিকল্পনা রয়েছে।

‘মৃত্তিকালগ্ন নাট্যোৎসব’র একাংশ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বলেও জানান নূর।

অচিরেই ঢাকা এ অঞ্চলের সাংস্কৃতিক রাজধানী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংস্কৃতিমন্ত্রী।

উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বাংলাদেশের নৃতাত্ত্বিক নাট্যচর্চার ইতিহাস তুলে ধরেন।

এই উৎসব তরুণ নাট্যকর্মীদের মধ্যে ‘নতুন ভাবনার সঞ্চার’ করবে বলে মন্তব্য করেন আয়োজক কমিটির সদস্য সচিব কামাল বায়েজীদ।

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু বলেন,ভারতের নৃতাত্ত্বিক নাট্যচর্চাকে বিস্তৃত করতে ভারত সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে।

ফোক থিয়েটারের অনুকরণে বিভিন্ন নাট্যদল নিরীক্ষা চালালেও তা মানসম্মত হচ্ছে না বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের অন্যতম নাট্যকর্মী প্রবীর গুহ। 

তিনি বলেন, “বিশ্বজুড়ে অনেক নাটকের দলকে দেখেছি ফোক নাটক থেকে কপি করছে। কিন্তু তারা কি সত্যি পারছে? বিভিন্ন দেশের সরকারও কিন্তু উদ্যোগ নিয়েও পরে নানা প্রোগ্রামের সঙ্গে মেলাতে গিয়ে ফোক নাটককে ক্ষতিগ্রস্ত করছে।

“যদি ফোক নাটককে অনুকরণ করতেই হয়,তবে অবশ্যই কিন্তু ফোক নাটকের মূল ধারার সঙ্গে তাদের সম্পৃক্ত হতে হবে। অভ্যন্তরে ঢুকে বুঝতে হবে এর অন্তর্নিহিত তাৎপর্য।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার,আতাউর রহমান,নাসিরউদ্দিন ইউসুফ বক্তব্য রাখেন।

আলোচনার পর সাংস্কৃতিক পর্বে পরিবেশনা নিয়ে আসেন আসামের শিল্পী পূরবী শর্মা। তিনি ও তার দল যন্ত্রসংগীতে পরিবেশন করেন ‘পদ্মা আমার মা…’, ‘মানুষ মানুষের জন্য’, ‘বন্ধু তিনদিন তোর বাড়ি…..’,‘সাধের লাউ’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ এর মতো জনপ্রিয় বাংলা গানগুলো।

এরপর তারা শোনায় আসামের উপজাতীয় সংগীত। তাদের পরে একের পর এক আসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্প্রীতি নৃত্যদলের পরিবেশনা,আসামের স্তুতি গ্রুপের নাট্য প্রযোজনা।

প্রথমবারের মতো আয়োজিত উৎসব চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। উৎসবের ভেন্যু হিসেবে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা,এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও নন্দনমঞ্চ।

এ উৎসব আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়,বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ইউনেস্কো ও বাংলাদেশ ভারত ফাউন্ডেশন।

২০ নভেম্বর থেকে প্রতিদিন বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে আমন্ত্রিত দেশি ও বিদেশি নাট্য দলগুলোর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশের ‘মৃত্তিকালগ্ন’ সম্প্রদায়ের পরিবেশনায় নাটক এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে ভারতীয় নাট্য দলগুলোর নাট্য পরিবেশনা থাকবে।