কৃষিতে দেশীয় জাত সংরক্ষণের আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের কৃষি ঐতিহ্য টিকিয়ে রাখতে ফসলের দেশীয় বিভিন্ন জাত সংরক্ষণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার রাজধানীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, “দেশের কৃষি ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে দেশীয় বিভিন্ন জাত যেন হারিয়ে না যায় সে দিকে লক্ষ্য রাখা প্রয়োজন।
“মনে রাখতে হবে, আমাদের নিজস্ব কৃষি ব্যবস্থা হাজার বছরের পর্যায়ক্রমিক উৎকর্ষতা। এসব ফসলের ‘জিন’ কে কাজে লাগিয়ে দেশীয় জাতের ফসলকে স্বকীয়তা প্রদানে চেষ্টা করা প্রয়োজন।”
বাংলাদেশের কৃষি প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে চ্যালেঞ্জের সম্মুখীন উল্লেখ করে আবদুল হামিদ বলেন, “প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে বাংলাদেশের কৃষি আজ চ্যালেঞ্জের মুখোমুখি। নগরায়নের ফলে একদিকে যেমন কৃষি জমি হ্রাস পাচ্ছে অন্যদিকে জলবায়ুর পরিবর্তন কৃষির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে।
“ফসলের নিবিড় চাষ, মাত্রারিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতাকে যেমন হ্রাস করছে তেমনি তা অতি মূল্যবান জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে। লবণাক্ততা ও আর্সেনিক বিষাক্ততা জমির উৎপাদন ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলেছে।”
“আমাদের লক্ষ্য জনগণের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি লাভজনক, টেকসই ও পরিবেশবান্ধব একটি কৃষি ব্যবস্থা গড়ে তোলা। এ অবস্থায় কৃষিকে পরিবেশবান্ধব অথচ আধুনিক এ দুয়ের সমন্বয়ে এগিয়ে নেওয়ার উপায় বের করতে হবে।”
শিক্ষার্থীদের কৃষি উন্নয়নে অংশ নেওয়া আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ বলেন, “নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা বিবেচনায় রেখে কৃষক ও কৃষির উন্নয়নে নিজেদের নিবেদিত করবেন এবং দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আপনারা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবেন।”
এ সময় কৃষকদের পাশে দাঁড়াতে সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের প্রতি আহ্বান রাষ্ট্রপতি।
তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও কৃষকের অবদান অসামান্য। এই সমাবর্তন থেকে দেশের সকল কৃষক ভাইদের আন্তরিক অভিবাদন জানাচ্ছি, যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কৃষক ভাইয়েরা সত্যিকারের দেশপ্রেমিক, জাতির পরম বন্ধু।”
সমাবর্তন বক্তা ছিলেন ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেমের এমেরিটাস সায়েনটিস্ট কাজী এম বদরুদ্দোজা।
প্রতি শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকার করা ২২ জনকে স্বর্ণ-পদক দেওয়া হয়। সমাবর্তনে দুই হাজার ১১০ জনকে স্নাতক, ৫১২ জনকে স্নাতকোত্তর এবং ৩ জনকে সমাবর্তনে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব মাঠে আয়োজিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, উপাচার্য মো. শাহাদ উল্লা, উপ-উপাচার্য মো. শহীদুর রশীদ ভূঁইয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।
