‘যৌনপেশাকে স্বীকৃতি দিয়ে নির্দিষ্ট কাঠামোয় রাখা উচিত’
যৌনকর্মীদের সামাজিকভাবে অক্ষম বলা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় এবং তাদের পেশাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে রাখা উচিত বলে এক পিএইচডি গবেষণা ও তার প্রকাশিত বইয়ের ওপর আলোচনায় অভিমত এসেছে।
‘ভয়েস ফ্রম দ্য এজ: জাস্টিস, এজেন্সি অ্যান্ড দ্য প্লাইট অব সেক্স ওয়ার্কার্স ইন ঢাকা, বাংলাদেশ’ শীর্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রিয়াজুল হকের ওই পিএইচডি গবেষণা ও তার প্রকাশিত বইয়ের ওপর সোমবার ওই আলোচনা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র মিলনায়তনে কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সাদেকা হালিম।
বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হেলাল উদ্দিন খান সামসুল আরেফিন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জারিনা রহমান খান ও বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আলোচনায় অংশ নেন।
অধ্যাপক রিয়াজুল বলেন, “মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গবেষণাটি করা হয়েছে। যৌনবৃত্তিকে ধর্মীয় দিক থেকে মানুষ কীভাবে দেখে, সেটাই উঠে এসেছে গবেষণায়।”
অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, “যৌনকর্মীদের সামাজিকভাবে হেয় করে দেখার পেছনের মূল কারণ এই উপমহাদেশের জাতিগত ও বর্ণগত প্রথা। উচ্চবর্ণ-নিম্নবর্ণ এসব ধারণার কারণে এখানে যৌনকর্মীদের ছোট করে দেখা হয়।”
যৌনকর্মীদের সামাজিকভাবে অক্ষম বলা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়- মন্তব্য করে অধ্যাপক জরিনা বলেন, “তাদের কাছ থেকে সেবা নেব, টাকা দেব ঠিকই; কিন্তু স্বীকৃতি দেব না— এমনটা হতে পারে না। এই পেশাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে রাখা উচিত।”
এ পেশায় কারও স্বেচ্ছায় আসার উদাহরণ পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, “তাদের পরিবারের কোনো সদস্যের কারণেই হয়তো তাকে সেখানে যেতে হয়েছে।”
সামাজিকভাবে ‘নষ্ট’ বলার পরই মূলত তারা এই পেশায় আসেন বলেও জানান অধ্যাপক জরিনা।
অধ্যাপক ফজলুল হক বলেন, “পরিবারপ্রথা বহুকাল ধরেই টিকে রয়েছে। অনেক সমাজবিজ্ঞানী গবেষণা করেছেন, এই প্রথা ভেঙে নতুন কিছু করা যায় কি না। কিন্তু সফল হননি।
“পশ্চিম থেকে যা কিছুই আসে, সেগুলোই আমাদের গ্রহণ করতে হবে- এমনটা ভাবা উচিত নয়। আমাদের দেশীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতিতেও ভালো কিছু থাকতে পারে।”
