কক্সবাজারকে পরিকল্পিত পর্যটন নগরী করে তুলতে সংসদে বিল
কক্সবাজারকে পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে একটি বিল সংসদে উত্থাপন হয়েছে।
মঙ্গলবার ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৫’ উত্থাপন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এই আইনের কারণ ব্যাখ্যায় মন্ত্রী বলেন, “একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারের আবাসন, হোটেল, মোটেল, রাস্তাসহ অন্যান্য সব নাগরিক ও পর্যটন সুবিধা পরিকল্পিভাবে বৃদ্ধি করা প্রয়োজন।
“আইনটি প্রবর্তন করা হলে কক্সবাজার ও তার সন্নিহিত এলাকার সমন্বয়ে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী প্রতিষ্ঠার স্বার্থে, ওই অঞ্চলের সুপরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যাবে।”
এক মাসের মধ্যে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
খসড়া আইনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একজন চেয়ারম্যানসহ ১৪ জন সদস্য রাখা হয়েছে।
বিলে কর্তৃপক্ষকে মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন, ভূমি জরিপ, গবেষণা, যোগাযোগসহ বিভিন্ন কাজের ক্ষমতা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কক্সবাজার এলাকায় ইমারত নির্মাণ, পাহাড় কাটা যাবে না বলেও বিধান প্রস্তাব হয়েছে। নিয়ম অমান্যে শাস্তি রাখা হয়েছে দুই বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড।
আইন কার্যকর হওয়ার পর অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা পৌরসভা কক্সবাজারে কোনো ইমারত নির্মাণের নকশা অনুমোদন করতে পারবে না।
