‘পেট্রোলিয়াম কর্পোরেশন বিল’ সংসদে
সামরিক শাসনামলে জারি করা পেট্রোলিয়াম করপোরেশন অধ্যাদেশ বিলোপ করে নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন হয়েছে।
মঙ্গলবার ‘পেট্রোলিয়াম কর্পোরেশন বিল-২০১৫’ সংসদে উত্থাপন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এরপর বিলটি একমাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
১৯৭৬ সালের এ সংক্রান্ত অধ্যাদেশটি বিলোপ করে নতুন করে আইন করতে বিলটি উত্থাপন করা হয়।
অধ্যাদেশে করপোরেশনে একজন চেয়ারম্যান এবং পাঁচজন পূর্ণকালীন পরিচালক থাকার বিধান ছিল।
নতুন বিলে একজন চেয়ারম্যান ও আটজন পরিচালক নিয়ে বোর্ড গঠনের কথা বলা হয়েছে। এর মধ্যে দুজন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধি এবং একজন অর্থবিভাগের প্রতিনিধি থাকবেন।
পেট্রোলিয়াম কর্পোরেশনের অনুমোদিত মূলধন এক কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে খসড়া আইনে।
