যাত্রী হয়রানি বন্ধে অটোতে ‘নোটিস’ টানানোর দাবি
যাত্রী হয়রানি বন্ধে সব অটোরিকশার ভেতরে ভাড়া ও জমার হারসহ সংশ্লিষ্টদের ফোন নম্বর লেখা নোটিস বোর্ড টানানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়।
এতে ‘সিএনজি অটোরিকশার ভাড়া ও দৈনন্দিন জমা বৃদ্ধি: বাস্তবতা, নৈরাজ্য বন্ধে করণীয়’ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, প্রত্যেকটি অটোরিকশার গাড়ির নম্বরসহ ভাড়ার বিস্তারিত হার, দৈনিক জমার পরিমাণ, চালকের নাম ও মোবাইল নম্বর, মালিকের নাম ও মোবাইল নম্বর, বিআরটিএর অভিযোগ জানানোর ফোন নম্বর, ট্রাফিক পুলিশের ফোন ও মোবাইল নম্বরসহ একটি ছোট সাইনবোর্ড চালকের পেছনে যাত্রীর সামনে টানানোর ব্যবস্থা করতে হবে।
“এতে যাত্রী সাধারণ যে কোনো বিষয়ে গাড়িতে বসেই সরাসরি কর্তৃপক্ষকে জানাতে পারবেন।”
এছাড়া সিএনজিচালিত অটোরিকশা সার্ভিস নীতিমালা-২০০৭ বাস্তবায়ন করা, অটোরিকশার সিলিং বৃদ্ধি করে ঢাকা মহানগরীতে ৫০ হাজার ও চট্টগ্রাম মহানগরীতে ২০ হাজার করা, গোপন চুক্তিতে যাতায়াত বন্ধে যাত্রী সচেতনতার পাশাপাশি গোপনে যাত্রী সেজে মনিটরিং করাসহ নয় দফা দাবি তুলে ধরা হয়।
বাসদের সদস্য রাজেকুজ্জামান রতন বলেন, মালিকের জমা, পুলিশের জন্য ঘুষসহ প্রতি দিন দুই থেকে তিন হাজার টাকা দিতে হয় একজন অটোচালককে। এই টাকা তারা যাত্রীদের কাছ থেকেই আদায় করেন।
ধারণাপত্রের দাবির পক্ষে মত দিয়ে তিনি বলেন, “আমরা ব্যক্তিগত গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ করছি না, তাহলে সিএনজির সংখ্যায় নিয়ন্ত্রণ কেন?”
যানজট কমানো, মিটারে অটোরিকশা চলতে বাধ্য করা এবং চালকদের জমা নির্ধারিত করার প্রক্রিয়ার মধ্যে ‘গলদ’ রয়েছে বলে অভিযোগ করেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য খান আহসান লাবলু।
তিনি বলেন, “মালিক আর প্রশাসনের কর্তাদের পেট ভরলেও যাত্রীরা ভুক্তভোগী।”
ধর্মঘটে অটোরিকশা চালকরা
বিআরটিএ আদালতের ম্যাজিস্ট্রেট দুজন থেকে বাড়িয়ে ১১ জন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ছয়টি আদালত প্রতিদিনই বসছে।”
মিটারে ভাড়া আদায় ও জমা আদায়ের ক্ষেত্রে বিআরটিএ কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান বিআরটিএ সচিব।
তবে অটোরিকশার সংখ্যার সিলিং বাড়ানোর ক্ষেত্রে খানিকটা ভিন্নমত পোষণ করেন ডিএমপির যুগ্ম-কমিশনার বনজ কুমার মজুমদার।
তিনি বলেন, “গাড়ি বাড়ালেই যাত্রী দুর্ভোগ কমবে এটা ঠিক নয়। যাত্রীদের সচেতনতা না বাড়ালে এটা কোনোভাবেই সম্ভব নয়।”
‘চালকরা যথেষ্ট দক্ষ’ দাবি করে তাদের যাত্রীসেবা শেখানোর উপর জোর দেন তিনি।
গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কুদ্দুস আফ্রাদ বক্তব্য রাখেন।
