২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাশকতা ঠেকাতে’ গাজীপুরে বিজিবি মোতায়েন

প্রকাশক ও পুলিশ হত্যাসহ কয়েকটি হামলার ঘটনায় আলোড়নের মধ্যে সিরাজগঞ্জের পর গাজীপুরেও বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 09:47 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানান, রোববার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিজিবি টহল শুরু করেছে।

তিনি বলেন, শুক্রবার জেলা প্রশাসকের কাছে পুলিশ সুপার বিজিবি মোতায়েনের অনুরোধে করেন। এ অনুরোধের পর দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

“যতদিন প্রয়োজন ততদিনই বিজিবি সদস্যরা মাঠে কাজ করবেন।”

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, জেলায় নাশকতা রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে দুই প্লাটুন বিজিবি সিরাজগঞ্জ টহল শুরু করে।  

গত ৩১ অক্টোবর লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল এবং তার সঙ্গে থাকা ব্লগার তারেক রহিম ও রণদীপম বসুকে কুপিয়ে জখম করে তিন হামলাকারী।

লালমাটিয়ার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শাহবাগে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। 

টুটুল, রহিম ও রণদীপম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এরপর গত বুধবার সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়ায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে কনস্টেবল মুকুল হোসেনকে কুপিয়ে হত্যা এবং আরেক কনস্টেবলকে জখম করে দুর্বৃত্তরা।