জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী গ্রেপ্তার
জয়পুরহাটে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান (৫২) রয়েছেন বলে জানান তিনি।
পুলিশ সুপার বলেন, সদরের বিশ্বাসপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মতিয়র রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এছাড়া জয়পুরহাট সদর থানা এলাকা থেকে জামায়াত-শিবিরের নয় নেতাকর্মী, পাঁচবিবিতে নয় জন, ক্ষেতলালে দুইজন এবং কালাই থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে জয়পুরহাটে ট্রেন, যাত্রীবাহী বাস ও ট্রাকে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসপি।
