২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত কনস্টেবলের ৩ সহকর্মী বরখাস্ত

ঢাকার আশুলিয়ায় তল্লাশি চৌকিতে আক্রান্ত সহকর্মীকে ফেলে যে তিন পুলিশ কনস্টেবল পালিয়েছিলেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 06:50 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শিল্প পুলিশ-১ এর উপ-পরিচালক কাওসার শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এই তিনজন হলেন- কনস্টেবল পিনহারুল ইসলাম, ইমরান আজিজ ও আপেল মাহমুদ।

শিল্প পুলিশের এই তিন সদস্যসহ পাঁচজন গত বুধবার আশুলিয়ার বাড়ইপাড়ায় তল্লাশি চৌকিতে দায়িত্বরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সেদিন সকালে মোটর সাইকেলে চড়ে তিন দুর্বৃত্ত দুই কনস্টেবল মুকুল হোসেন ও নুর আলমকে কোপাতে থাকতে বাকি তিনজন পালিয়ে যান। পালানোর সময় নর্দমায় পড়ে আহতও হন পিনহারুল।

শিল্প পুলিশের কর্মকর্তা কাওসার বলেন, “কনস্টেবল মুকুলকে হত্যা ও নূর আলমকে কুপিয়ে জখম করার সময় এই তিন কনস্টেবল প্রতিরোধের চেষ্টা না করে গজারি বনের ভেতর দিয়ে পালিয়ে যায়।

“তাই প্রাথমিকভাবে শনিবার তাদের সাময়িক বরখাস্ত এবং ঘটনাটির বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।”

এদিকে বাড়ইপাড়া তল্লাশি চৌকিতে তল্লাশি আরও জোরদার করা হয়েছে। সেদিনের ঘটনার পর থেকে সন্দেহজনক প্রাইভেটকার, মোটরসাইকেল তল্লাশির পাশাপাশি চালক ও আরোহীদেরও তল্লাশি করা হচ্ছে।

তবে ওই এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। ২/১টি দোকান ছাড়া সব দোকানপাট ও হোটেল বন্ধ রয়েছে।

হামলাকারীরা জঙ্গি বলে সন্দেহ করা হলেও এখনও কাউকে চিহ্নিত কিংবা গ্রেপ্তার করা যায়নি।  

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

জিজ্ঞাসাবাদের জন্য যাদের আনা হয়েছিল তাদের কাছ থেকে সন্দেহজনক কিছু না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।