২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মাদ্রাসা শিক্ষক আটক, ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ

ফেনীর ফুলগাজী থেকে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

ও ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 10:35 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

আটক মুফতি জাহিদ হাসান মারুফকে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আটক করা হয় বলে পরিবার জানালেও বিষয়টি স্পষ্ট করেনি পুলিশ।

মুফতি মারুফ উপজেলার আমজাদ হাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামের জামিয়া আরাবিয়া এহসানুল উলুম নামে একটি কওমি মাদ্রাসার অধ্যক্ষ। তিনি ওই গ্রামের মুফতি হাবিব উল্যাহর ছেলে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুনতাসীরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফুলগাজী থেকে মুফতি জাহিদ হাসান মারুফকে একটি মামলায় সহযোগিতা করার জন্য ঢাকায় আনা হয়েছিল। উনি ওই মামলায় সহযোগিতা করেছেন; উনাকে ছেড়ে দেওয়া হতে পারে।”

ফুলগাজী থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, ফুলগাজীতে অভিযান চালানোর কথা জানিয়ে বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তিনি একটি বার্তা পান।

“তবে মহানগর গোয়েন্দা পুলিশ ফুলগাজীর কোথায় অভিযান চালিয়ে কোন মামলায় কাকে আটক করেছে এ বিষয়ে আমি বা ফুলগাজী থানা অবগত নই।”

মুফতি হাবিব উল্যাহ জানান, বুধবার রাত ৩টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে একটি দল তাদের বাড়ি ও মাদ্রাসায় অভিযান চালিয়ে তার ছেলেকে আটক করে নিয়ে যায়।

“পুলিশ আমাকে বলেছে, জঙ্গিসংশ্লিষ্টতা ও দীপন হত্যায় জড়িত থাকার বিষয়ে পুলিশের কাছে তথ্য থাকায় মারুফকে জিঙ্গাসাবাদ করা হবে।”

তবে মারুফ কোনও জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে তার বাবার দাবি।

তিনি জানান, জাহিদ তাদের গ্রামের এই মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে ছাগলনাইয়া মাদ্রাসা থেকে দাওরা (টাইটেল) পাশ করেন। পরে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসা থেকে ইফতা বিভাগে (ইসলামি আইন শাস্ত্র) পড়াশোনার পর নিজেদের মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নেন।

৩১ অক্টোবর বিকালে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা করে দুর্বৃত্তরা।

একই দিনে লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে আরেক প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।

এঘটনার কয়েক ঘণ্টা পর আনসার আল ইসলাম নামের একটি জঙ্গি সংগঠন প্রকাশক দীপন হত্যার দায় স্বীকার করে টুইটারে বার্তা দেয়।