ওসমানী মেডিকেলে ধর্মঘট প্রত্যাহার
হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আশ্বাসে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছিল তারা।
পরিষদ সভাপতি মো. মাজহারুল হক অমিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক হয়। বৈঠকে হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন বলেও জানান তিনি।
বুধবার রাত ৮টার দিকে হাসপাতালের সিসিইউ ইউনিটে নগরীর দরগা মহল্লার আব্দুর রশিদ নামের এক রোগী মারা গেলে তার স্বজনরা কর্তব্যরত চিকিৎসক শোয়েব আহমদ ও ইন্টার্ন চিকিৎসক সুবায়ের আহমদের উপর হামলা চালায়।
এর জেরে ইন্টার্ন চিকিৎসকরা কাজ বন্ধ করে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন। তারা বিচারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটেরও ডাক দেন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে।
