২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে হাতকড়াসহ পালানো যুবক কথিত বন্দুকযুদ্ধে নিহত

বেনাপোলে দুর্ঘটনায় পড়া পুলিশের পিক-আপ ভ্যান থেকে হাতকড়াসহ পালানো সেই যুবক গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 09:37 AM

Updated : 25 Apr 2022, 02:06 PM

নিহত ইলিয়াছ মোল্লা (৩০) রাজবাড়ী সদর উপজেলার কারচন্দ্রপুর গ্রামের সুরুজ মোল্লার ছেলে। ইলিয়াছ একজন অস্ত্র বিক্রেতা বলে পুলিশের দাবি। 

বুধবার বিকালে পুলিশের গাড়ি দুর্ঘটনায় পড়লে হাতকড়াসহ পালিয়ে গিয়েছিলেন তিনি। 

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলছেন, ইলিয়াছকে ধরার জন্য পুলিশ বুধবার রাত আড়াইটার দিকে বেনাপোলের বারোপোতা চোরের রাস্তা এলাকায় অভিযানে গেলে সেখানে গোলাগুলির এ ঘটনা ঘটে। 

“অভিযানের সময় চারটি মোটরবাইকে ৭/৮জন যুবককে দেখতে পেয়ে পুলিশ থামার সংকেত দেয়। এ সময় তারা পুলিশের দিকে চারটি ককটেল ছুড়ে মারে ও গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় ইলিয়াছকে পড়ে থাকতে দেখা যায়।”

পরে ইলিয়াছকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলছেন, বন্দুকযুদ্ধের সময় পুলিশের এসআই মনির হোসেন, কনস্টেবল সেলিম ও মোসলেম আহত হন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ইলিয়াছকে আটক করেছিল পুলিশ। বুধবার তাকে আদালতে নেওয়ার সময় তাকে বহনকারী পিক-আপ ভ্যান দুর্ঘটনায় পড়ে।

ওসি অপূর্ব হাসান জানান, কাগজপুকুর এলাকায় পুলিশের ওই গাড়ির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে পুলিশের তিন সদস্য ও ভ্যান চালক আহত হন। ওই সুযোগে ইলিয়াছ পালিয়ে যান।