ইউনেস্কোর সাধারণ পরিষদের সহসভাপতি হলেন নাহিদ
ইউনেস্কোর সাধারণ পরিষদের ৩৮তম অধিবেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে এক সম্মেলনে বাংলাদেশকে এই পদে নির্বাচিত করা হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ২০১৫-২০১৭ সময়কালে ইউনেস্কো সাধারণ পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করবে।
ইউনেস্কো সাধারণ পরিষদের অধিবেশনে নাহিদ সমাজের সব শ্রেণিকে সম্পৃক্ত করে মানসম্পন্ন শিক্ষার প্রসারে বিস্তারিত কর্মসূচি নিতে ইউনেস্কো ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, নারীপুরুষ বৈষম্য কমানো, নারীর ক্ষমতায়ন, বেকারদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানো, উগ্রবাদ মোকাবিলা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১৯৫টি সদস্য দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউনেস্কোর অধিবেশনে যোগ দিয়েছেন।
