২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকর্মী হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

বিএনপিকর্মী আব্দুর রহিম ফকিরকে হত্যার দায়ে দুই সহোদরসহ তিনজনকে যাবজ্জীবন দিয়েছে বাগেরহাটের এক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 12:48 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

হত্যাকাণ্ডের ১১ বছর পর মঙ্গলবার সকালে দায়রা জজ মিজানুর রহমান খান এই রায় দিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দণ্ডিতদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং অভিযুক্ত অপর ১৬ জনকে খালাস দিয়েছে আদালত।

দণ্ডিতরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া গ্রামের মমিন উদ্দিন শেখের দুই ছেলে সোহবান শেখ ও শাজাহান শেখ এবং একই গ্রামের প্রয়াত মুনসুর শেখের ছেলে বারেক শেখ।

কায়ুম শিকদার, শাজাহান হাওলাদার, শাহীদা বেগম, স্বরূপজান বিবি, মনোয়ারা বেগম, জোসনা বেগম, আফজাল শেখ, রফিক শেখ, আলমগীর হাওলাদার, শাহীন শিকদার, আকরাম শেখ, আক্কাস সরদার, সোবহান শেখ, আনছার হাওলাদার, আবজাল শেখ ও আকা শেখ খালাস পেয়েছেন। এদের সবার বাড়ি ঝিলবুনিয়া গ্রামে।

২০০৪ সালের ১৩ নভেম্বর সন্ধ্যায় ঝিলবুনিয়া গ্রামের চাহেব আলী ফকিরের ছেলে বিএনপিকর্মী আব্দুর রহিম ফকির স্থানীয় কামলাবাজারের রাসেলের দোকানে বসে ছিলেন। এ সময় রহিমকে ৪০-৫০ জন লোক পার্শ্ববর্তী সোহবান শেখ ও শাজাহান শেখের বাড়িতে নিয়ে যায়।

সেখানে তার হাত-পা বেঁধে মারধর করে এবং কোপায়। নিহতের পরিবার শাজাহানের বাড়ি থেকে রহিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন নিহতের বাবা চাহেব আলী মোরেলগঞ্জ থানায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

মামলা তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস ২০০৫ সালের ৩০ মার্চ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আসামিদের সঙ্গে নিহত বিএনপিকর্মী আব্দুর রহিম ফকিরের পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধ ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণার সময় ১৯ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী আলী আকবর বলেন, “আমরা উচ্চ আদালতে আপিল করব।”