২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে হরতালের সমর্থনে আরিচা সড়ক অবরোধ

প্রকাশক-লেখক হত্যা ও হামলার প্রতিবাদে হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ছয় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 11:02 AM

Updated : 12 Oct 2022, 04:21 PM

বেলা ১২টা পর্যন্ত তাদের অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় তিন কিলোমিটারের বেশি যানজট হয়।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে বাড়তি পুলিশ মোতায়েন করা হয় বলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম জানান।

বিশ্ববিদ্যালয় গণজাগরণ মঞ্চের অর্ধশতাধিক নেতাকর্মী হরতালের শুরুতে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা (প্রান্তিক) গেইটের সামনে অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেখানে সমাবেশে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর বলেন, “আমাদের পিঠ শুধু দেওয়ালেই ঠেকেনি, আজ আমাদের পিঠে চাপাতিও ঠেকেছে। আমরা এ অবস্থার অবসান চাই। আমরা বাধ্য হয়েছি এই কর্মসূচি নিয়ে রাস্তা অবরোধ করতে। আমরা নিরাপত্তার দাবি নিয়ে এখানে এসেছি।”

গত শনিবার জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে সারা দেশে আধাবেলা এই হরতাল করছে গণজাগরণ মঞ্চ। বিভিন্ন রাজনৈতিক ও  সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ হরতালে সংহতি জানিয়েছে।