২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের ফনু হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন

নাটোরের ফজলার রহমান ফনু হত্যা মামলায় বিএনপির এক নেতাসহ ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 03:03 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

সোমবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই রায় দেন। নাটোরের আদালত থেকে মামলাটি এই ট্রাইবুনালে পাঠানো হয়েছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন সিংড়া উপজেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক ও কমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, নয়ন হোসেন, আব্দুল করিম, রাজিবুল হাসান রিপন, ফরিদুল ইসলাম ফরদু, মোহাম্মাদ আলী, শামসুল ইসলাম, আলমগীর হোসেন, নাজিম, তালেব ও ময়েন।

এদের মধ্যে শামসুল ইসলাম,  আলমগীর হোসেন ও নাজিম পলাতক রয়েছেন। মামলার অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।

ফজলার রহমান ফনু ছিলেন নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা।

২০১৪ সালের ১৮ জানুয়ারি দুপুরে মোটরসাইকেলে উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদে ফেরার পথে পারসাঐল এলাকায় তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন ফনুর ভাই ময়নুল হক। ওই বছর ১০ নভেম্বর নাটোরের আদালত থেকে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়।