স্কুলের জমি দখল, সিঁড়ির নিচে ক্লাস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল হয়ে যাওয়ায় ভবনের সম্প্রসারণ করা যাচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শ্রেণিকক্ষের অভাবে শিশু শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে সিঁড়ির নিচে।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, উপজেলার ৭৫ বছরের পুরনো ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ শতাংশ জমির ২১ শতাংশই দখল হয়ে গেছে। ওই জমিতে দখলদাররা ঘরবাড়ি ও দোকানপাট গড়ে তুলেছে।
তিন দিক দিয়ে জমি দখল হয়ে যাওয়ায় স্কুলের ভেতরে আলো বাতাস ঢুকতে পারে না। অন্ধকার হয়ে থাকায় মোমবাতি জ্বালিয়ে ক্লাস নিতে হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন।
তবে ওই ঘরবাড়ি ও দোকানপাটের মালিকরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ১৯৩৯ সালের ফেব্রুয়ারি মাসে স্কুলটি স্থাপিত হয়। আর এস পর্চামূলে ১৫৩৮ দাগের ৩৪ শতাংশ জমি ভুলতা ফ্রি বিদ্যালয়ের নামে রয়েছে। আর ১৫৩৭ দাগের ৯ শতাংশ জমি শামসুদ্দিনের নামে রয়েছে।
তিনি বলেন, কিন্তু স্কুলের জমির ২১ শতাংশই দখল হয়ে গেছে। জায়গা দখলে নিয়ে রফিকুল হক রুবেল, মঞ্জুর-ই-খোদা মিল্টন, শফিউল আজম সপেন ও ইলিয়াস মিয়া পল্লব স্থাপনা তৈরি করেছেন।
বিদ্যালয়ের তিনদিকে বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করায় ভেতরে আলোবাতাস তেমন প্রবেশ করতে পারছে না।
স্কুলে প্রায় এক হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে জানিয়ে তিনি বলেন, আশপাশের জমি দখল হয়ে গেছে। স্কুলের অবকাঠামো দুর্বল থাকায় উপরে দিকেও সম্প্রসারণ করা যাচ্ছে না।
“ফলে শ্রেণিকক্ষ সংকটে প্রথম শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে সিঁড়ির নিচে মেঝেতে।”
প্রধান শিক্ষক শিক্ষামন্ত্রীকে বিষয়টি দেখার অনুরোধ করেন।
তবে, কথিত দখলদারদের একজন রফিকুল ইসলাম রুবেল দাবি করেন, এটা তাদের বাপ-দাদার জায়গা। স্কুলকে ১৩ শতাংশ দান করেছেন তারা।
তিনি বলেন, “বাকি জায়গা আমাদের দখলে আছে, তা আমরা ভোগদখল করছি।”
ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হওয়া জমিতে দোকান-পাট
যদি জায়গা স্কুলের হয়ে থাকে, তাহলে দখলদার যতই প্রভাবশালী হউক তাকে জায়গা ছেড়ে দিতে হবে বলে জানান তিনি।
রূপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার বলেন, “স্কুল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আমার করার কিছু নেই। কারণ ভূমি দখলের বিষয়টা আসলে ভূমি অফিসের।”
তারপরও জেলা শিক্ষা অধিদপ্তরে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান বলেন, ওই ইউনিয়নের তহশীলদারকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন বলেন, বিষয়টি দেখার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে। তদন্তে জমি দখলের প্রমাণ পাওয়া গেলে দখলদারদের উচ্ছেদ করা হবে।
