২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনের অনশনে ১০ শিক্ষক অসুস্থ

এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 01:22 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে অনশন শুরু হয়।

ফেডারেশন সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু জানান, তৃতীয় দিনের অনশনে ১০ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজনকে প্রথমে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

“আমরা জেনেছি, আমাদের বিষয়টি নিয়ে সরকারের উপর মহলে আলোচনা চলছে। আমাদের আশা, দাবি পূরণ হবে।”

সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে আশ্বাস ও সুস্পষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

দেশের ৮ হাজারের বেশি স্বীকৃতি পাওয়া স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত (মাসিক বেতন আদেশের আওতায়) নন এমন প্রায় ২০ লাখ শিক্ষক-কর্মচারী চাকরি করছেন।

এই সব প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন ব্যানারে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে।

সর্বশেষ সোম-মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ও বুধ-বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষকরা।

এরপর শুক্রবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু হয়।