২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাইক সন্ত্রাস’: হত্যা মামলা নেওয়ার দাবি

ঢাকার এজিবি কলোনিতে বাইকারদের বখাটেপনায় সরকারি চাকুরে এক নারী নিহতের ঘটনায় দায়ের করা মামলাকে হত্যা মামলা হিসাবে গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 09:05 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

পুরনো খবর:

এজিবি কলোনির ‘বাইক সন্ত্রাস’

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান দলটির কেন্দ্রীয় নেত্রী জলি তালুকদার।

মানববন্ধনে নিহত রুনা আক্তারের বাবা মো.সোবহান ও ছোট বোন তানিয়া আক্তার বিথিও অংশ নেন।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবির নারী শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

গত ১৬ অক্টোবর বখাটেদের মোটরবাইকে ওড়না আটকে পড়ে যাওয়ার পর তার ওপর দিয়ে বাইক চালিয়ে গেলে প্রাণ হারান গণপূর্ত বিভাগের হিসাব সহকারী রুনা।

ওই দিন সন্ধ্যায় নিহতের স্বামী লুৎফর রহমান মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন, যাতে ৩০৪ ধারায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়।

মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে নিহতের পরিবারের অভিযোগ। 

রুনাকে মোটর সাইকেলের চাকায় পিষে পালানোর সময় আল আমিন সোহান ওরফে সোহান শাহরিয়ার (১৯) নামে এক তরুণকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। তবে একই বাইকে তার সঙ্গে থাকা আরও দুজনকে পুলিশ ‘বিশেষ কারণে’ ধরছে না বলেও অভিযোগ রুনার স্বজনদের।

মাববন্ধনে জলি বলেন, “আমরা রুনার পরিবারের সঙ্গে কথা বলেছি। অনেক কিছুই জেনেছি।”

পুলিশ মামলাকে ‘ভিন্নখাতে’ নিতে চাইছে অভিযোগ করে তিনি বলেন, “এই মামলাকে হত্যা মামলা হিসাবে নিতে হবে।”

মানববন্ধনের সভাপতির বক্তব্যে সিপিবির নারী শাখার সদস্য রাশেদা কুদ্দুস রানু বলেন, “রুনা হত্যার সুষ্ঠু বিচার না হলে ভয়াবহ পরিণতি হবে। নারীরা বিচার পাবে না-এটা স্পষ্ট হবে।”

মানববন্ধনে রুনার ছোটবোন তানিয়া বলেন, “আর কোনো বোন যাতে বখাটেদের হাতে নিহত না হয় সরকারকে এই ব্যবস্থা নিতে হবে। আমি আর আমার বোন একসঙ্গে ছিলাম, আমি বাসায় চলে আসার পর এ খবর শুনে ওখানে যাই।

“ওড়না ধরে টান দিয়ে বাইকের মাধ্যমে আমার বোনকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের বিচার চাই।”

এসময়  রুনার বাবা সুবহান তার মেয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন।

মানবন্ধনে সিপিবি নেতা আহসান হাবীব লাভলু, নারী নেত্রী মাকসুদা আক্তার লাইলী, অনিন্দা সাহা,মৈত্রী ঘোষ বক্তব্য রাখেন।