জগন্নাথের ভর্তি: ৩ জনের কারাদণ্ড, আটক ১২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে উত্তর বহনসহ অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীসহ তিনজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা থেকে আরও ১২ জনকে আটক করা হয়েছে, যারা প্রশ্ন দেওয়ার কথা বলে পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছিলেন বলে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ জানান, শুক্রবার বেলা ৩টার দিকে পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময়ে মোবাইল ফোনে উত্তর বহন করায় এক পরীক্ষার্থী এবং ঢাকা সিটি কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও একজনকে আটক করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয় কেন্দ্র এলাকায় মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে ঘোরাফেরার সময় আটক করা হয় একজনকে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আটক পরীক্ষার্থীর নাম আব্দুর রহমান। এই কেন্দ্রে আটক অপরজনের নাম কফিল উদ্দিন। আর সিটি কলেজ কেন্দ্রে আটক শিক্ষার্থীর নাম মাসুদুর রহমান।
আটকের পর ওই তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হলে ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যোককে দুই বছর করে কারাদণ্ড দেন বলে প্রক্টর নূর মোহাম্মদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় উত্তরসহ রহমানের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় তাকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়।
”তার মোবাইল ফোনে ৪/৫টি প্রশ্নের উত্তর পাওয়া গেছে, যেগুলো পরীক্ষায়ও এসেছে। ০১৮২৯৭৩০৬০৯ নম্বর থেকে তাকে এ উত্তর পাঠানো হয়েছিল।”
আর বিশ্ববিদ্যালয় কেন্দ্র এলাকায় মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে ঘোরাফেরার সময় কফিল উদ্দিনকে আটক করা হয়।
প্রশ্ন দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা অভিযোগে আটক ১২ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের মোট ২৯টি কেন্দ্রে বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ৭৬০ টি আসনের বিপরীতে এ বছর ৫৭ হাজার ৭০৩ জন ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন।
