২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিলে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারির মধ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 05:03 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

শুক্রবার সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের সিবানন্দপুর গ্রামে এই সংঘর্ষের সময় আরও সাতজন আহত হয়েছেন বলে বোয়ালমারী থানার ওসি একেএম আমিনুল ইসলাম জানান।

নিহত আহাদুল ইসলাম আহাদের (৩০) লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহতরা বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, সকালে আহাদুল গ্রামের ফলিয়া বিলে মাছ ধরা নিয়ে এলাকার রতন ও আহাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আহাদসহ সাতজন আহত হন।

গুরুতর আহত আহাদকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।