২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেশাগ্রস্ত’ মেয়ের হামলা, বাবার মৃত্যু, আহত মা

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে ‘নেশাগ্রস্ত’ মেয়ের হামলার মুখে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 04:44 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

শুক্রবার টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ ঘটনায় ওই তরুণীর মাও আহত হয়েছেন বলে টঙ্গী থানার এসআই মো. আবুল খায়ের জানান।

ফারজানা ইয়াসমিন মুন্নি নামের ৩১ বছর বয়সী ওই তরুণীকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।

তার বাবা ফজলুল হকের (৭০) লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর মা রেহানা হককে (৬০) ভর্তি করা হয়েছে টঙ্গী হাসপাতালে।

টঙ্গী থানার ওসি মোহাম্মদ আলী বলেন, “মুন্নি মানসিকভাবে সুস্থ নয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন।”

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই আবুল খায়ের জানান, সকালে মুন্নির সঙ্গে তার মা-বাবার কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে মুন্নি বাবা-মাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে ফজলুল হক ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে।”

মা রেহানার চিৎকারে এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে মুন্নিকে আটক করে পুলিশে খবর দেন।

এ ঘটনায় বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।